আটক ২৬
রাত হলেই ককটেল, আগুন
- ককটেল সরবরাহ হচ্ছে কাটাউট পদ্ধতিতে

আগুনে পুড়ছে বাস। ছবি: আগামীর সময়
রাত হলেই জনমনে বাড়ছে আতঙ্ক। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে ঘটছে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা।
আজ সোমবার রাত সোয়া ১০ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় ১১টি ককটেল বিস্ফোরিত হয়েছে। আর আগুন দেওয়া হয় দুটি বাসে। এসব ঘটনায় আটক হয়েছেন অন্তত ২৬ জন। অপরদিকে নাশকতা ঘটেছে সাভার, ময়মনসিংহ ও খুলনায়। তিনটি স্থানেই হয়েছে অগ্নিসংযোগ।
আজ রাত সাড়ে ৯টায় রাজধানীর মিরপুর সাড়ে ১১ পোস্ট অফিসের সামনে একটি বাসে আগুন দেওয়া হয়। বসুমতি পরিবহনের ওই বাসটি সড়কে দাঁড়িয়ে ছিল বলে জানিয়েছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন।
এ ঘটনায় হতাহতের কোনো তথ্য মেলেনি। তবে এর নেপথ্যে কারা জানতে চলছে তদন্ত।
এর আগে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ফার্মগেট এলাকার মেট্রোরেল স্টেশনের নিচে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার(ডিসি) ইবনে মিজান বলেন, ‘দাঁড়িয়ে থাকা লাব্বাইক পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বিষয়টি নিয়ে কাজ চলছে।’
এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, লাল-সাদা রঙের বাসটি জ্বলছিল দাউ দাউ করে। গাড়িটি রাস্তার পাশে দাঁড় করানো ছিল। আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়ছিল চারপাশে।
একইদিন তেজগাঁও শিল্পাঞ্চল থানার সাউথইস্ট ইউনিভার্সিটির সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়। তবে এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান ডিসি ইবনে মিজান।
কাছাকাছি সময় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণ ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসেও ককটেল বিস্ফোরণ হয়েছে। দুটি ঘটনায় অন্তত পাঁচজনকে আটক করা হয়েছে।
ডিএমপি প্রসিকিউশন বিভাগের উপ পুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল বলেন, ‘সিএমএম কোর্ট এলাকার বিস্ফোরণের ঘটনায় তিনজনকে ধরা হয়েছে। এদের মধ্যে দুজন হলেন ফয়সাল ও সুকুমার হালদার। তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। অপরজনের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি। তবে তাকে আটক করা হয়েছে শ্যামপুর থানা এলাকা থেকে।’
ঢাকা ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুজনকে আটকের কথা জানান শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান। তিনি বলেন, ‘টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক দুজন হলেন আব্দুল্লাহ আল জোবায়ের ও জাবির সালেহীন দিপু। এছাড়া ওই এলাকায় একটি ব্যাগ পাওয়া গেছে, যার মধ্যে ককটেল ছিল।’
ডিএমপির যুগ্ম কমিশনার (দক্ষিণ) মো. তোফায়েল মিয়া আগামীর সময়কে বলছেন, গতকাল রবিবার থেকে শুরু হওয়া ধারাবাহিক নাশকতার ঘটনা পর্যবেক্ষণ করছেন তারা। আটকরা কাটাউট পদ্ধতিতে ককটেল সরবরাহ করছে বলে মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, ‘যারা আটক হচ্ছেন তারা কেউ কাউকে চেনেন না। টাকার বিনিময়ে কাজ করছে।’
অবশ্য সন্ধ্যা ৭টার দিকে মালিবাগ চৌধুরীপাড়া এলাকার পদ্মা সিনেমা হলের সামনে ককটেল বিস্ফোরণ ঘটলেও বিস্তারিত জানাতে পারেনি থানা পুলিশ।
এদিকে রাজধানীর মগবাজারে ককটেল বিস্ফোরণচেষ্টায় চারজনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার রাতে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে হাতিরঝিল থানার ওসি আসাদুজ্জামান জানিয়েছেন, সোমবার রাত ১০টায় মগবাজার মোড়ে ককটেল নিক্ষেপ করার চেষ্টায় চারজনকে আটক করা হয়েছে। তাদের বিষয়ে তথ্য যাচাই-বাছাই করে আইনি প্রক্রিয়া নেওয়া হচ্ছে।
অন্যদিকে আদাবর থানাধানী টোকিও স্কয়ারের সামনে ৪টি ককটেল বিস্ফোরণ ঘটেছে। সোমবার রাত ৯টায় এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন ডিএমপির তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান।
এর আগে সকালে বনশ্রী জি-ব্লকে ককটেল বিস্ফোরণ ঘটে। সেখান থেকে দুজনকে আটক করার কথা জানান খিলগাঁও থানার ওসি সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘আটক শ্রাবন ও রবিন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
আজ সকালে মহাখালীতেও ককটেল বিস্ফোরিত হয়। বনানী থানার ওসি মো. সালাউদ্দিনের ভাষ্য, ‘মোটরসাইকেলে এসে দুই যুবক মহাখালী ফ্লাইওভারের ওপর থেকে একটি ককটেল ছুড়ে মারে। তবে এতে ক্ষয়ক্ষতির তথ্য মেলেনি। তথ্য প্রযুক্তির সহায়তায় জড়িতদের খুঁজে পেতে কাজ করছে পুলিশ।’
গতকাল রবিবার সন্ধ্যায় ভাটারায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে আগুন দিয়েছিল দুর্বৃত্তরা। একইদিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পল্লবী থানা, মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয়, মিরপুর, ঢাবি ক্যাম্পাস, ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন, তেজগাঁও, পান্থপথ, যাত্রাবাড়ীসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরিত হয়।
পরে এক সংবাদবিজ্ঞপ্তিতে পৃথক অভিযানে ১৫ জনকে গ্রেপ্তার করার কথা জানায় ডিএমপি।
ময়মনসিংহে শহীদ সাগর চত্বরে আগুন
গতকাল রবিবার মধ্যরাতে ময়মনসিংহ নগরীর পুরোনো ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকার শহীদ সাগর চত্বরে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনের কালো ধোঁয়ায় ছবি সম্বলিত ফলকটি কালো হয়ে যায়। ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তবে এ ঘটনায় কাউকে চিহ্নিত করা যায়নি।
আজ সকালে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ওই চত্বরে অবস্থান নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। তারা দায়ীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে সেখানে অবস্থান করেন। জড়িতদের গ্রেপ্তারে জোর তৎপরতা চলছে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ওসি শিবিরুল ইসলাম।
সাভারে পার্কিংংয়ে থাকা বাসে আগুন
সাভারে পৃথক স্থানে পার্কিং করে রাখা পোশাকশ্রমিকবাহী একটি বাস ও ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের খবর মেলেনি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, গতকাল রাত ১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় পার্কিং করে রাখা পোশাকশ্রমিকবাহী বাসে আগুন দেওয়া হয়। ভোর ৪টার দিকে একই মহাসড়কের বলিয়ারপুর বাসস্ট্যান্ড এলাকায় অগ্নিসংযোগের শিকার হয় ইতিহাস পরিবহনের একটি বাস।
খুলনায় কলেজ গেটে তালা লাগিয়ে আগুন
গতকাল রাত ১২টায় খুলনার বটিয়াঘাটা সরকারি মহাবিদ্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। তবে কিছুক্ষণ পর আগুন দেখে ছুটে আসেন কলেজের নৈশপ্রহরী। তিনি দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।
কলেজঅধ্যক্ষ আবুল কালাম আজাদ জানান, আজ সকাল ৭টার দিকে কলেজ ফটকে এসে তিনি তালা ঝুলতে দেখেন।
বটিয়াঘাটা থানার ওসি এসএম মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কলেজ অধ্যক্ষকে থানায় জিডি করতে পরামর্শ দেওয়া হয়েছে।






