সিএমএম আদালত-ঢাবিতে ককটেল বিস্ফোরণ, ফার্মগেটে বাসে আগুন

সিএমএমে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক ফয়সাল ও সুকুমার হালদার (বামে উপরে), ঢাবির ঘটনায় আটক একজন (বামে নিচে); ফার্মগেটে বাসে আগুন (ডানে)। ছবি: আগামীর সময়
রাজধানীতে একের পর এক নাশকতার ঘটনা ঘটছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণ ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পাশাপাশি ফার্মগেটেও একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
এদিকে সিএমএম আদালত এলাকা থেকে তিনজনকে আটক করা হয়েছে। ঢাবিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও একজনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় পৃথক এসব ঘটনা ঘটে।
সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক দুজন হলেন ফয়সাল ও সুকুমার হালদার। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এ ছাড়া শ্যামপুর থানা এলাকা থেকে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তার নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল এ তথ্য নিশ্চিত করেছেন।
অন্যদিকে, দ্বিতীয় দিনের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এক যুবককে আটক করে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করেন ওই যুবক। এ সময় আশপাশে থাকা লোকজন তাকে আটক করেন। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
এর আগে গতকাল রবিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় তিনজনকে আটক করে শাহবাগ থানা পুলিশের হাতে তুলে দেন ছাত্রদলের নেতাকর্মীরা।
লাব্বাইক বাসে আগুন
এদিকে এদিন সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে লাব্বাইক পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার।
তিনি জানান, ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে একটি বাসে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট পাঠানো হয়েছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ঘটনার একটি ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লাল-সাদা রঙের বাসটি দাউ দাউ করে জ্বলছে। এ সময় বাসটি থেকে ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়।
তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বাসে অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।




