রোনালদোর বিদায়ে ইনফান্তিনোর বার্তা

সংগৃহীত ছবি
আকস্মিক অবসরে ভক্তদের কাঁদিয়েছেন তিনি। ক্রিস্তিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ে বার্তা দিয়েছেন ভক্ত, সাবেক ও বর্তমান ফুটবলারসহ অনেকেই। এবার ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো জানালেন, রোনালদোর এমন কিছু অর্জন আছে যার পুনরাবৃত্তি করা অসম্ভব।
নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রোনালদোর অবসর নিয়ে বার্তা দিয়েছেন ইনফান্তিনো। ফিফা প্রেসিডেন্ট জানান, ‘রোনালদোর মতো খুব কম খেলোয়াড়ই ভক্তদের হৃদয় স্পর্শ করতে পেরেছিল। অসাধারণ প্রতিভা, অটল সংকল্প এবং সম্ভাবনার সীমা ছাড়িয়ে যাওয়ার নিরন্তর আকাঙ্ক্ষা; এটাই তার ক্যারিয়ারের প্রতিফলন।‘
ইনফান্তিনোর মতে, রোনালদোর ক্যারিয়ারের কিছু পরিসংখ্যান সম্ভবত কেউ পুনরাবৃত্তি করতে পারবে না, ‘ক্রিস্তিয়ানো এমন কিছু কীর্তি গড়েছেন, যেটা সম্ভবত কখনও পুনরাবৃত্তি করা যাবে না। তিনি একটি প্রজন্মকে অনুপ্রেরণা দিয়ে গেছেন, লাখ লাখ ভক্তকে একত্রিত করেছেন, পর্তুগালের আশা ও গৌরবকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ মঞ্চে বহন করে নিয়ে গেছেন।’
সবশেষে ইনফান্তিনো বলেন, ‘ধন্যবাদ ক্রিস্তিয়ানো। আপনার ভালোবাসা, অবিস্মরণীয় মুহূর্ত ও আমাদের সুন্দর খেলায় যে বিশাল অবদান আপনি রেখেছেন, তার জন্য। অনেক গর্বের সঙ্গে পর্তুগিজ জাতীয় দলের জার্সি পরেছিলেন। আপনার আন্তর্জাতিক ক্যারিয়ার আজীবন ফুটবল ইতিহাসের অংশ হয়ে থাকবে।’



