মুসিয়ালার ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত বায়ার্ন

সংগৃহীত ছবি
জার্মান ফুটবলের অন্যতম প্রতিভাবান মুখ জামাল মুসিয়ালার ক্যারিয়ার নিয়ে তৈরি হয়েছে নতুন শঙ্কা। বায়ার্ন মিউনিখের এই তারকা মিডফিল্ডারের শারীরিক সমস্যা পুরোপুরি কাটিয়ে ওঠা সহজ হবে না বলে মনে করছেন ক্লাবটির সম্মানসূচক সভাপতি উলি হোয়েনেস। চিকিৎসার মাধ্যমে অসুস্থতা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হলেও মুসিয়ালা আবার আগের মতো পারফর্ম করতে পারবেন কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি।
জার্মান সংবাদমাধ্যম বিআর২৪-কে দেওয়া সাক্ষাৎকারে হোয়েনেস বলেন, ‘মুসিয়ালার অসুস্থতা এমন ধরনের যা সহজে সেরে ওঠার নয়। তবে সঠিক চিকিৎসায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তবে মুসিয়ালা আগের পারফরম্যান্সে ফিরতে পারবেন কি না, সেটি এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।‘
মুসিয়ালা ফাংশনাল নিউরোলজিক্যাল ডিসঅর্ডারে (এফএনডি) আক্রান্ত। এই সমস্যার কারণে সাময়িকভাবে চেতনা হারানোসহ বিভিন্ন স্নায়বিক জটিলতা দেখা দিতে পারে। গত আগস্টে লাইপজিগ ও হেইডেনহাইমের বিপক্ষে তিন দিনের ব্যবধানে দুই ম্যাচে মাঠে অজ্ঞান হয়ে পড়েন তিনি। এরপরই সামনে আসে তার অসুস্থতার বিষয়টি। চিকিৎসা ও ওষুধের মাত্রা সমন্বয়ের পর অবশ্য টানা আট সপ্তাহের বেশি সময় কোনো বড় সমস্যা ছাড়াই কাটিয়েছেন এই ফুটবলার।
নিজের শারীরিক অবস্থা নিয়ে এর আগে সমর্থকদের আশ্বস্ত করেছিলেন মুসিয়ালা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় জানিয়েছিলেন, প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন এবং নিজের সুস্থতা নিয়ে আশাবাদী। কঠিন এই সময়ে বায়ার্ন ও কাছের মানুষদের সমর্থনও পাচ্ছেন বলে উল্লেখ করেছিলেন তিনি।
তবে স্নায়বিক সমস্যার পাশাপাশি হ্যামস্ট্রিংয়ের চোটও এখন ভোগাচ্ছে ২৩ বছর বয়সী এই ফুটবলারকে। ফলে মাঠে ফেরার অপেক্ষা দীর্ঘ হচ্ছে। এ ছাড়া চিকিৎসার জন্য নেওয়া ওষুধ তার গতি ও ক্ষিপ্রতায় সাময়িক প্রভাব ফেলতে পারে। আক্রমণভাগের একজন খেলোয়াড় হিসেবে মুসিয়ালার খেলার ধরনে এই দুটি বিষয়ই গুরুত্বপূর্ণ।
এমন পরিস্থিতিতে মুসিয়ালার চুক্তি কিংবা পারফরম্যান্স নিয়ে কোনো প্রশ্ন তুলতে চায় না বায়ার্ন। হোয়েনেসের বক্তব্যেও সেটিই স্পষ্ট। তিনি প্রশ্ন তুলেছেন, একজন খেলোয়াড় অসুস্থতার মধ্য দিয়ে যাওয়ার সময় ক্লাব কীভাবে তার চুক্তি নিয়ে আপত্তি তুলতে পারে। এই মুহূর্তে মুসিয়ালার পারফরম্যান্সের চেয়ে তার সুস্থতাকেই বেশি গুরুত্ব দিচ্ছে বায়ার্ন। ২০৩০ সাল পর্যন্ত ক্লাবটির সঙ্গে চুক্তি রয়েছে তার।
২০২০ সালের জুনে পেশাদার ফুটবলে অভিষেকের পর থেকে বায়ার্নের হয়ে ২৩৫ ম্যাচ খেলেছেন মুসিয়ালা। গোল করেছেন ৭১টি। জার্মানির জাতীয় দলের জার্সিতে ৪৬ ম্যাচে তার গোল ১০টি। ভিনসেন্ট কোম্পানির অধীনে দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠা এই তারকার প্রত্যাবর্তন এখন তাই শুধু বায়ার্ন নয়, জার্মান ফুটবলের জন্যও বড় অপেক্ষার বিষয়।



