২৩ মিলিয়নের ইয়ট
ব্রাজিল ফুটবল অন্ধকারে, নেইমার মেতেছেন বিলাসিতায়

ব্রাজিল সুপারস্টার নেইমারের নতুন কেনা বিলাসবহুল ইয়ট।
চলতি বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের পর আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ইঙ্গিত দিয়েছেন নেইমার। ইনজুরিতে জর্জরিত ব্রাজিল সুপারস্টারের দিনকাল মোটেও ভালো যাচ্ছে না। বিশ্বকাপে হারের পর পোকার টুর্নামেন্ট খেলতে গিয়েও হেরেছেন। এসব দুঃখ ভুলতেই নাকি ২৩ মিলিয়ন মার্কিন ডলারের একটি সুপার ইয়ট কিনেছেন নেইমার! এমন খবর দিয়েছে টিওআইসি স্পোর্টস।
৩৪ বছর বয়সী এই তারকা নিজের নামের আদ্যক্ষর মিলিয়ে নতুন এই সুপার-ইয়টটির নাম রেখেছেন ‘এনেজোতা’। নৌ-বিষয়ক বিশেষজ্ঞ নাদিনহো মারিনহেইরো তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, বিলাসবহুল এই সুপার-ইয়টটি বর্তমানে ব্রাজিলের রিও ডি জেনিরোর জনপ্রিয় অবকাশ কেন্দ্র ‘আংরা দস রেইস’-এ নোঙর করা রয়েছে।
৪৬ মিটার দীর্ঘ এই সুপার-ইয়টের আয়তন প্রায় ৮০০ বর্গমিটার। ভেতরে রয়েছে ছয়টি বিলাসবহুল প্রাইভেট সুইট এবং একাধিক বিনোদন কক্ষ। এর ওপরের ডেকে রয়েছে একটি হেলিপ্যাড, যা এর আভিজাত্যে নতুন মাত্রা যোগ করেছে। ইয়টটিতে আছে চারটি শক্তিশালী ইঞ্জিন। প্রতিটি ইঞ্জিনের ক্ষমতা ১,৪৫০ হর্সপাওয়ার। এটি ঘণ্টায় সর্বোচ্চ ৩৭ কিলোমিটার বেগে সমুদ্র পাড়ি দিতে সক্ষম। ব্রাজিলের জনপ্রিয় সাময়িকী ‘নাউতিকা’র তথ্যমতে, এই সুপার-ইয়টটি একেবারে নতুন করে তৈরি করা নয়। বরং ‘জেএকিউ এইচ১’ নামের একটি পুরোনো ভারী জলযানকে অত্যাধুনিক প্রযুক্তিতে পুনর্নির্মাণ করা হয়েছে। ফলে এটি যেমন দীর্ঘ সমুদ্রযাত্রার উপযোগী, তেমনি বিলাসবহুল। এর আগে ক্রিশ্চিয়ানো রোনালদো ও ডেভিড বেকহ্যামের মতো ফুটবল সুপারস্টাররাও এ ধরনের সুপার ইয়ট কিনেছেন। নেইমারের ব্যক্তিগত সম্পদের তালিকায় আরও অনেক চমক আছে। ক্যারিয়ারজুড়ে ব্যক্তিগত জেট বিমান, ব্যাটম্যানের গাড়ির হুবহু ব্যাটমোবাইল, এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে দামি সব সম্পত্তির মালিক হয়েছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। কিন্তু মাঠের খেলায় তার যে উচ্চতায় যাওয়ার কথা ছিল, তার ধারেকাছেও যেতে পারেননি। অনেকেই মনে করেন, অর্থবিত্তের প্রতি অতি আগ্রহই নেইমারের পতনের কারণ।







