ব্যালন ডি’অরের মনোনয়ন প্রকাশ শুরু

সংগৃহীত ছবি
প্রতি বছরের মতো এবারও শুরু হলো ব্যালন ডি’অর নিয়ে আলোচনা। ফ্রান্স ফুটবল সাময়িকী ও উয়েফার যৌথ উদ্যোগে আজ থেকে প্রকাশ করা শুরু হয়েছে ২০২৬ ব্যালন ডি’অরের বিভিন্ন বিভাগের মনোনীতদের তালিকা। ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার হিসেবে বিবেচিত এই ট্রফির জন্য গত মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে খেলোয়াড়দের পারফরম্যান্স, দলীয় সাফল্য, ব্যক্তিগত পরিসংখ্যান ও মাঠের প্রভাব—সবকিছুই বিবেচনায় নেওয়া হয়েছে।
ইউরোপের শীর্ষ লিগ, চ্যাম্পিয়নস লিগ ও ২০২৬ বিশ্বকাপ—সব মিলিয়ে গত মৌসুম ছিল ঘটনাবহুল। ফলে এবারের ব্যালন ডি’অর লড়াইটিও হয়ে উঠেছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।
নারী বিভাগের সেরা ক্লাব পুরস্কারের তালিকায় প্রথমেই রয়েছে বার্সেলোনা। লা লিগা ও চ্যাম্পিয়নস লিগজয়ী দলটির সঙ্গে এই পুরস্কারের দৌড়ে আছে চ্যাম্পিয়নস লিগের রানার্সআপ বায়ার্ন মিউনিখ, ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটি ও ফ্রান্সের লিঁও।
এরপর প্রকাশ করা হয় সেরা পুরুষ দল বিভাগের মনোনয়ন। প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ও চ্যাম্পিয়নস লিগের রানার্সআপ আর্সেনালের সঙ্গে তালিকায় রয়েছে বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ, নরওয়ের বোদো/গ্লিম্ট, ব্রাজিলের ফ্লামেঙ্গো ও ফ্রান্সের পিএসজি।
নারী দলের বিশ্বসেরা কোচ হওয়ার দৌড়ে আছেন পাঁচজন—লিঁওর জোনাতান হিরালদেস, ম্যানচেস্টার সিটির আন্দ্রে ইয়েগের্তজ, জাপান জাতীয় দলের নিলস নিলসেন, বার্সেলোনার পেরে রোমেউ এবং সেল্টিক/বিকে হ্যাকেনের এলেনা সাদিকু।
পুরুষ দলের বিশ্বসেরা কোচ বিভাগে স্পেনের আধিপত্য স্পষ্ট। আর্সেনালের মিকেল আরতেতা, স্পেন জাতীয় দলের লুইস দে লা ফুয়েন্তে, অ্যাস্টন ভিলার উনাই এমেরি ও পিএসজির লুইস এনরিকে মনোনয়ন পেয়েছেন। তাদের সঙ্গে রয়েছেন বায়ার্ন মিউনিখের বেলজিয়ান কোচ ভিনসেন্ট কোম্পানি।
তবে মনোনয়ন তালিকায় জায়গা হয়নি বেশ কয়েকজন বড় নামের। জার্মানির হান্সি ফ্লিক, স্পেনের পেপ গার্দিওলা এবং আর্জেন্টিনার দিয়েগো সিমিওনে ও লিওনেল স্কালোনি এবার সেরা কোচের তালিকায় নেই।
প্রতিবছর বিশ্বের সেরা ফুটবলারের হাতে তুলে দেওয়া হয় ব্যালন ডি’অর। বিশ্বের বিভিন্ন দেশের ক্রীড়া সাংবাদিকদের ভোটে নির্বাচিত হন বিজয়ী। ব্যক্তিগত ও দলীয় সাফল্য, খেলোয়াড়সুলভ আচরণ এবং পুরো মৌসুমজুড়ে ধারাবাহিকতা—বিজয়ী নির্বাচনে এসব বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
এবারের ব্যালন ডি’অর পুরস্কার প্রদান অনুষ্ঠান হবে ২৬ অক্টোবর। ইংল্যান্ডের রাজধানীত লন্ডনে এই প্রথমবারের মতো বসছে ব্যালন ডি’অরের জমকালো আসর। সেদিন ঘোষণা করা হবে ব্যালন ডি’অর জয়ীর নাম। একই অনুষ্ঠানে দেওয়া হবে সেরা গোলরক্ষকের ইয়াশিন ট্রফি, সেরা তরুণ খেলোয়াড়ের কোপা ট্রফি, সেরা কোচ, সেরা ক্লাবসহ আরও বেশ কয়েকটি পুরস্কার।





