নারী রেফারিকে অপমান, চাকরি হারালেন হিগুয়াইন

সংগৃহীত ছবি
মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব কলম্বাস ক্রু তাদের রিজার্ভ দলের কোচ ফেদেরিকো হিগুয়াইনকে বরখাস্ত করেছে। এক নারী রেফারির হাত ধরে তাকে অসম্মানজনক মন্তব্য করার অভিযোগ উঠেছে হিগুয়াইনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে এমএলএস নেক্সট প্রোর একটি ম্যাচে। এ ঘটনার পর ম্যাচেই হিগুয়াইনকে লাল কার্ড দেখানো হয়। পরে তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধও করা হয়েছিল।
কলম্বাস ক্রুর জেনারেল ম্যানেজার ইসা তাল এক বিবৃতিতে বলেন, ‘আমাদের ক্লাব, খেলোয়াড় ও সহায়তাকারী কর্মীদের স্বার্থে ফেদেরিকো হিগুয়াইনকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এই সপ্তাহে তার সঙ্গে আলোচনা এবং গত এক মাসের ঘটনাগুলো পর্যালোচনা করার পর আমরা দেখেছি, আমাদের দলের একজন নেতার কাছ থেকে যে ধরনের আচরণ প্রত্যাশা করি তা পূরণ হয়নি।’
অভিযোগ অনুযায়ী, গত ২৩ আগস্টের ম্যাচে হিগুয়াইন ওই নারী রেফারির হাত ধরেছিলেন। রেফারি তাকে হাত ছেড়ে দিতে তিনবার বলেছিলেন। কিন্তু হিগুয়াইন তখনও তার হাত ছাড়েননি এবং জোরে চেপে ধরে রেখেছিলেন বলে অভিযোগ। এরপর তিনি ওই নারী রেফারিকে বলেন, ‘মনে রেখো এটা পুরুষের খেলা।’
ফেদেরিকো হিগুয়াইন সাবেক রিয়াল মাদ্রিদ ও আর্জেন্টিনা স্ট্রাইকার গনসালো হিগুয়াইনের ভাই।
ঘটনাটির তীব্র সমালোচনা করেছে প্রফেশনাল সকার রেফারিজ অ্যাসোসিয়েশন (পিএসআরএ)। সংগঠনটি বলেছে, কোনো কর্মকর্তার হাত জোর করে ধরে রাখার ঘটনায় তিন ম্যাচের নিষেধাজ্ঞা হওয়া উচিত। এছাড়া তারা দাবি করছে, এমএলএস যে শাস্তি দিয়েছে তা ঘটনার তুলনায় যথেষ্ট নয়।
পিএসআরএ এক বিবৃতিতে বলেছে, ‘একজন পুরুষ কোচ একজন নারী কর্মকর্তার সঙ্গে ইচ্ছাকৃতভাবে শারীরিক ও যৌন বৈষম্যমূলক আচরণ করেছেন। তাকে হাত ছাড়তে তিনবার বলা হলেও তিনি হাত চেপে ধরে রেখেছিলেন। এর সঙ্গে নারী কর্মকর্তাকে অপমান করে বলা হয়েছে এটা পুরুষের খেলা।’
পিএসআরএ আরও বলেছে, ‘নারীরা ফুটবলের প্রতিটি পর্যায়কে আরও সমৃদ্ধ করছেন। নিজেদের যোগ্যতা প্রমাণ করতে তাদের ভয় দেখানো বা অপমানজনক মন্তব্য সহ্য করতে হবে না। বিশ্বমঞ্চে নারী রেফারিরা নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। অন্য সব কর্মকর্তার মতো তারাও সম্মান, মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ পাওয়ার অধিকার রাখেন।’
হিগুয়াইনের পক্ষ থেকে মন্তব্য জানতে কলম্বাস ক্রুর সঙ্গে যোগাযোগ করা হলেও তারা তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
৪১ বছর বয়সী হিগুয়াইন আর্জেন্টিনা, তুরস্ক ও মেক্সিকোর ক্লাবে খেলেছেন। পরে তিনি কলম্বাস ক্রুতে যোগ দেন এবং ক্লাবটির হয়ে ২০০টিরও বেশি ম্যাচ খেলেছেন। ২০২৫ সালের জানুয়ারিতে কলম্বাসের রিজার্ভ দলের কোচ হিসেবে যোগ দেন তিনি।



