এমবাপ্পে
ব্যালন ডি’অর না জিতলে সত্যিই হতাশ হব

জমে উঠেছে ব্যালন ডি’অর নিয়ে কথার লড়াই। সাবেকরা তো বটেই, সংক্ষিপ্ত তালিকায় থাকা ফুটবলারদের অনেকেই নিজেদের এই পুরস্কার যোগ্য দাবি করছেন। তাদের একজন কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপজয়ী এই ফরাসি সুপারস্টার নিজেকে পুরস্কারটির শক্তিশালী দাবিদার হিসেবে দেখছেন। একইসঙ্গে জানিয়েছেন, ব্যালন ডি’অর না জিততে পারলে তিনি সত্যিই হতাশ হবেন।
ফরাসি গণমাধ্যম আরএফআইকে দেওয়া এক সাক্ষাৎকারে রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড এমবাপ্পে তার মাঠের পারফরম্যান্স ও গোল করার ক্ষমতার কথা জোরালোভাবে তুলে ধরেছেন। তার মতে, একটি মৌসুমে একজন খেলোয়াড়ের ব্যক্তিগত অর্জনই সবচেয়ে বড় মাপকাঠি হওয়া উচিত। তিনি বলেন, ‘আমি একটি দুর্দান্ত ব্যক্তিগত মৌসুম কাটিয়েছি। আমার মনে হয়, ব্যালন ডি’অরের জন্য সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ মানদণ্ড। আমি সব প্রতিযোগিতাতেই সর্বোচ্চ গোলদাতা ছিলাম।’ ব্যালন ডি’অরের গুরুত্ব এবং না জিতলে কেমন অনুভূতি হবে—এমন প্রশ্নের জবাবে নিজের প্রতিযোগিতামূলক মানসিকতার কথা লুকাননি রিয়াল মাদ্রিদ তারকা। তিনি স্বীকার করেন, ‘আমি এটি জিততে না পারলে সত্যিই হতাশ হব। যখন কোনো প্রতিযোগী পুরস্কার জিততে পারে না, তখন সে হতাশা অনুভব করে। আমার প্রতিযোগিতামূলক মানসিকতাও এতে আঘাত পাবে।’
উল্লেখ্য, রিয়াল মাদ্রিদের হয়ে দারুণ সময় কাটানোর পাশাপাশি বিগত মৌসুমে গোলের পর গোল করে ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন এমবাপ্পে। বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন, যদিও তার দল শিরোপা জিততে পারেনি। তাই দলীয় পারফর্ম্যান্সের বাইরে গিয়ে নিজের পারফরম্যান্সকেই ব্যালন ডি’অর জয়ের ক্ষেত্রে বারবার তুলে ধরছেন এমবাপ্পে।




