‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’, পোস্ট দিয়ে বহিষ্কার ছাত্রদল নেতা

জাকিরুল হক
‘একটা ভোটই তো চেয়েছিলাম, জায়গা-জমি তো আর চাইনি’ লিখে ফেসবুকে পোস্ট দেওয়ার পর জামালপুর জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক জাকিরুল হককে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ছাত্রদল এক বিজ্ঞপ্তিতে তার বহিষ্কারের কথা জানায়। তবে বিজ্ঞপ্তিতে বহিষ্কারের কারণ হিসেবে ‘সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ’ উল্লেখ করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জামালপুর জেলা শাখার সহসাধারণ সম্পাদক জাকিরুল হককে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
এর আগে জাকিরুল হক নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে লেখেন, ‘যাদের কাছে ধানের শীষের জন্য ভোট চাইছি, তাদের কাছে মাফ চাই। আপনাদের পা ধরি ভাই, কেউ আর এসএমএস, কল দিয়েন না। একটা ভোটই তো চেয়েছিলাম, জায়গা-জমি তো আর চাইনি।’
তিনি আরও লেখেন, ‘এবারের মতো আমাকে মাফ করে দেন। কেউ আর কল আর এসএমএস দিয়েন না, খুব বিরক্ত হচ্ছি।’ একই পোস্টে তিনি আরও লেখেন, ‘দলের আগে দেশ’, ‘আমি দেশের পক্ষে, আমি সাধারণ জনগণের পক্ষে।’
বহিষ্কারের বিষয়ে জাকিরুল হক মুঠোফোনে বলেন, ‘জ্বালানি তেলের দাম বাড়ায় সোমবার সকালে ফেসবুকে একটি পোস্ট করেছিলাম। সেই পোস্টের পরই আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। কিছুক্ষণ আগে বহিষ্কারের চিঠি পেয়েছি।’
জেলা ছাত্রদলের সভাপতি আতিকুল ইসলাম সুমিল বলেন, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্র থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। তাকে বহিষ্কারের সিদ্ধান্তটি যুক্তিযুক্ত হয়েছে।’




