তেলের দাম বাড়ার প্রতিবাদে ফেসবুক পোস্ট করায় ছাত্রদল নেতাকে শোকজ
প্রতিবেদক, চট্টগ্রাম

ছবি: আগামীর সময়
জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন হৃদয়কে শোকজ করেছে কেন্দ্রীয় কমিটি।
আজ সোমবার সংগঠনটির দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে সাজ্জাদকে ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
শোকজের বিষয়ে সাজ্জাদ হোসাইন বলেছেন, ‘সংগঠন থেকে আমাকে শোকজ করা হয়েছে এবং ব্যাখ্যা চাওয়া হয়েছে। আমি অবশ্যই উপস্থিত হয়ে ব্যাখ্যা দেব। আমি সংগঠনের প্রতি অনুগত।’
এর আগে নিজের ফেসবুক পোস্টে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানান সাজ্জাদ। সেখানে তিনি লেখেন, ‘ছাত্র রাজনীতির শুরু থেকে বিএনপির যেসব কর্মসূচিতে অংশ নিয়েছি, তার অধিকাংশই ছিল তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে। আজ জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। প্রতিবাদ জানালাম।’




