আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

তানজিম ওয়াহাব—ফাইল ছবি
বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ওয়াহাবকে আবার নিয়োগ দিয়েছে সরকার। গতকাল রবিবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, তানজিম ওয়াহাবকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে আবার নিয়োগ দেওয়া হলো।
আজ সোমবার বিকালে আগামীর সময়কে তানজিম ওয়াহাব বলেছেন, ‘আমরা বাংলাদেশ জাতীয় জাদুঘরকে একেবারেই ঢেলে সাজাতে চাচ্ছি। নতুন কিউরেশনের মাধ্যমে এটিকে আরও বেশি শিক্ষাবান্ধব ও শিশুবান্ধব করা হবে।’
সামনের দিনে সুনির্দিষ্ট কিছু পরিকল্পনা রয়েছে উল্লেখ করে তানজিম ওয়াহাব বললেন, ‘ভ্রাম্যমাণ জাদুঘরের মাধ্যমে দেশের ছড়িয়ে-ছিটিয়ে থাকা বিভিন্ন স্কুলের ক্যাম্পাসে প্রদর্শনী করা হবে এবং জাদুঘরকে শিক্ষার্থীদের দোরগোড়ায় নিয়ে যাওয়া হবে।’
‘এ ছাড়া বর্তমান সময়ের প্রেক্ষাপটে এআই ও আধুনিক ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে জাদুঘরের প্রদর্শনী উপস্থাপন করা হবে, যাতে তরুণ প্রজন্ম জাদুঘরে আসতে আরও বেশি আগ্রহী হয়’, যোগ করেন তিনি।
তানজিম ওয়াহাব জার্মানির বার্লিনে স্পোর ফাউন্ডেশনে কিউরেটর হিসেবে কাজ করেছেন। এর আগে তিনি বেঙ্গল ফাউন্ডেশনে হেড অব আর্টস প্রোগ্রাম ও ছবি মেলা আন্তর্জাতিক আলোকচিত্র উৎসবের ফেস্টিভ্যাল ডিরেক্টর ছিলেন। ওয়ার্ল্ড প্রেস ফটোর জুরি বোর্ডের এশিয়া চেয়ারসহ অসংখ্য আন্তর্জাতিক প্রোগ্রামে গুরুত্বপূর্ণ পদে অংশগ্রহণ করেছেন।
নবনির্মিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের জন্মলগ্ন থেকেই মহাপরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন তিনি।



