সুশান্তের মৃত্যুর রাতে সিসিটিভিতে কী দেখা গিয়েছিল?

সুশান্ত সিং রাজপুত
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর প্রায় ছয় বছর পেরিয়ে গেল। কিন্তু তাকে ঘিরে রহস্য ও সামাজিক মাধ্যমে আলোচনার ঝড় আজও থামেনি। সম্প্রতি ২০২৩ সালের একটি পুরোনো সাক্ষাৎকার ও ভিডিও নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় তার মৃত্যুর রাতের সিসিটিভি ফুটেজ নিয়ে ফের জল্পনা শুরু হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওটিতে মুম্বইয়ের ওই ভবনের এক নিরাপত্তারক্ষীর বক্তব্য দেখা যায়, যেখানে মৃত্যুর সময় ভবনের সিসিটিভি ক্যামেরা সচল ছিল কি না কিংবা সিসিটিভি ব্যবস্থা কীভাবে কাজ করছিল—তা নিয়ে সংশয় তৈরি হয়। এরপর থেকেই নেটিজেনদের মাঝে প্রশ্ন ওঠে, মৃত্যুর রাতের ফুটেজ আদৌ সিবিআই বা পুলিশের হাতে পৌঁছেছিল কি না কিংবা প্রমান নষ্ট করা হয়েছিল কি না।
সামাজিক মাধ্যমে নানা ধরনের জল্পনা ও ষড়যন্ত্রের দাবি ঘুরে বেড়ালেও সেগুলোকে সরাসরি সত্য হিসেবে ধরে নেওয়ার কোনো আইনি ভিত্তি নেই।
সুশান্তের মৃত্যুর রাতের সিসিটিভি ফুটেজ বা অন্য কোনো প্রমাণ ইচ্ছাকৃতভাবে মুছে ফেলা বা নষ্ট করা হয়েছিল—এমন কোনো নির্ভরযোগ্য ও প্রাতিষ্ঠানিক প্রমান সিবিআই বা তদন্তকারী সংস্থাগুলো পায়নি।
দীর্ঘ তদন্ত প্রক্রিয়ার পর ২০২৫ সালে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর প্রতিবেদনে স্পষ্টভাবে উঠে আসে যে, অভিনেতার মৃত্যুর পেছনে খুন বা অন্য কোনো পরিকল্পিত অপরাধমূলক ষড়যন্ত্রের প্রমাণ মেলেনি।
বলিউডের এই প্রতিভাবান অভিনেতার অকালমৃত্যু নিয়ে সাধারণ মানুষ ও ভক্তদের আগ্রহ আজও প্রবল। ফলে পুরোনো কোনো সাক্ষাৎকার, অপেশাদার ভিডিও কিংবা নিরাপত্তা প্রহরীর ব্যক্তিগত মন্তব্য সামনে এলেই তা সামাজিক মাধ্যমে দ্রুত দাবানলের মতো ছড়িয়ে পড়ে। তবে আইনি ও অফিশিয়াল তদন্তে প্রমাণিত তথ্যের সঙ্গে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া মুখরোচক দাবিগুলোকে আলাদাভাবে দেখাই শ্রেয়।




