ব্রাজিল খেলবে বাংলাদেশে!
- আজ ঢাকা স্টেডিয়াম পরিদর্শন করবে প্রতিনিধি দল
ক্রীড়া প্রতিবেদক

সংগৃহীত ছবি
৩ অক্টোবর কলকাতায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে ভারত। এ কারণে ভারত ফিফা আসিয়ান কাপ থেকে নাম প্রত্যাহার করেছে। ভারতের বিকল্প হয়ে সেই টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ। আসিয়ান কাপে খেলা নিশ্চিত হওয়ার পরেই চমক জাগানিয়া এক খবরে উত্তাল দেশের ফুটবল অঙ্গন। আজই ঢাকা জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করবে ব্রাজিল ফুটবল ফেডারেশনের একটি প্রতিনিধি দল। তবে কি কার্লো আনচেলত্তির দল ঢাকাতে বাংলাদেশের সঙ্গেও ম্যাচ খেলবে?
বাফুফের নির্বাহী সদস্য ইকবাল হোসেন ব্রাজিলের প্রতিনিধি দলের ঢাকা সফরের বিষয়টি নিশ্চিত করেছেন, ‘ব্রাজিলের একটি প্রতিনিধি দল আজ রবিবার দুপুরে জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করবে।তারা এখানকার সুবিধাদি দেখবে। তাদের খেলার মতো সবকিছু উপযুুক্ত কি না, পর্যবেক্ষণ করবে। তবে ব্রাজিল আদৌ খেলবে কীনা তা এখনই বলা যাচ্ছে না। ওরা আগে আসুক। আলোচনা হোক, এরপরই জানা যাবে ওরা কী করতে চায়। তবে খেলার ইচ্ছে তো আমাদের আছেই।’২০১১ সালে লিওনেল মেসির আর্জেন্টিনা ঢাকা স্টেডিয়ামেই নাইজেরিয়ার সঙ্গে প্রীতি ম্যাচ খেলেছে। তবে ব্রাজিল এলে নিশ্চয় বাফুফে চাইবে ভিনিসিয়ুস জুনিয়রদের সঙ্গে লড়াইটা হোক হামজা চৌধুরীদের।







