মেসির গোলেও জিততে পারল না মায়ামি

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামির দুরবস্থা যেন কিছুতেই কাটছে না। মহাতারকা লিওনেল মেসি চলতি মৌসুমে নিজের ১৪তম গোল করেও মায়ামির হার এড়াতে পারেননি। কানাডার ক্লাব টরন্টো এফসির বিপক্ষে ২-১ গোলে পরাজিত হয়েছে ডেভিড বেকহামের মালিকানাধীন দল। গত পাঁচ ম্যাচে এটি মায়ামির চতুর্থ পরাজয়, যা দলটির শিরোপা ধরে রাখার লড়াইয়ে বড় ধাক্কা হয়ে এসেছে।
শনিবার নিউ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের নির্ধারিত সময়ের মাত্র আট মিনিট বাকি থাকতে মাঝমাঠ থেকে রদ্রিগো ডি পলের বাড়ানো একটি নিখুঁত থ্রু বল ধরে দারুণ এক ওয়ান-টাইম শটে লক্ষ্যভেদ করেন লিওনেল মেসি। এটি চলতি মৌসুমে তার ১৪তম গোল। এই গোলটির পর মায়ামি ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা চালালেও শেষ পর্যন্ত তা হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না। ম্যাচের দ্বিতীয়ার্ধে মাত্র তিন মিনিটের ব্যবধানে দুই গোল করে চালকের আসনে বসে টরন্টো। যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার জশ সার্জেন্ট এবং ডেরিক ইএটিয়ে জুনিয়র পর পর দুই গোল করে দলকে এগিয়ে দেন। চলতি এমএলএস মৌসুমে ২১ ম্যাচের মধ্যে টরন্টোর এটি মাত্র পঞ্চম জয়। এই জয়ে চার ম্যাচ ধরে অপরাজিত থাকা টরন্টো প্লে-অফের দৌড়ে নিজেদের অবস্থান বেশ ভালোভাবেই মজবুত করেছে।
গত এক মাসে এমএলএসের লড়াইয়ে জয়ের মুখ দেখেনি ইন্টার মায়ামি। লিগস কাপের প্রথম রাউন্ড থেকে বিদায় নেওয়ার পর গত সপ্তাহে ন্যাশভিলের বিপক্ষে ৪-১ গোলের বড় ব্যবধানে হেরেছিল দলটি। সপ্তাহের মাঝপথে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ২-২ গোলের ড্র তাদের ‘বড়’ সাফল্য। রবিবারের এই হার মায়ামির পুরোনো ক্ষতকে আবারও উসকে দিয়েছে। এই পরাজয়ের ফলে ইস্টার্ন কনফারেন্স এবং সাপোর্টার্স শিল্ডের পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রাখা ন্যাশভিলের সাথে মায়ামির পয়েন্টের ব্যবধান বেড়ে হয়েছে ১০। টেবিলে মায়ামি এখনো দ্বিতীয় স্থানে থাকলেও গতবারের এমএলএস কাপ জয়ী দলটিকে এখন প্রথম রাউন্ডে হোম অ্যাডভান্টেজ পাওয়ার জন্য শীর্ষ চার নিশ্চিত করতে বেশ বেগ পেতে হবে।
ম্যাচ শেষে দলের বর্তমান পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে ইন্টার মায়ামির প্রধান কোচ গুইলার্মো হোয়োস বলেন, ‘বর্তমানে আমরা এমন এক সংকটের মধ্য দিয়ে যাচ্ছি, যা আগে কখনো হয়নি। ম্যাচের ফলাফলের এই সংকট আমাদের মানসিকতায় প্রভাব ফেলছে, আর সে কারণেই অনেক সময় সবকিছু আমাদের অনুকূলে যাচ্ছে না। আমি আগেও বলেছি এবং সব সময়ই বলব—যখন আমরা একটা খারাপ সময়ের মধ্য দিয়ে যাই, তখন এর সম্পূর্ণ দায়িত্ব আমার। আমার কোচিং স্টাফদের সাথে নিয়ে আমাদের নতুন কিছু পরিকল্পনা করতে হবে, যাতে যত দ্রুত সম্ভব এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে পারি।’







