- এক মাস আগে(১০:৩৯)
ইনিংস ও ৫১ রানে হারল বাংলাদেশ
বাংলাদেশ ২য় ইনিংস : ৯৫/১০,
অস্ট্রেলিয়ায় সিরিজের দ্বিতীয় টেস্টে মুদ্রার অপর পিঠ দেখল বাংলাদেশ। অজি পেসারদের বোলিং তোপে এই টেস্টের দুই ইনিংসেই দলীয় একশ রানের আগে গুটিয়ে গেছে নাজমুল হোসেন শান্তরা। শেষ ইনিংসে মুশফিকুর রহিম অপরাজিত ছিলেন ২৯ রানে। ম্যাকাই টেস্টে বাংলাদেশের স্বস্তির জায়গা শরিফুল ইসলামের ক্যারিয়ার সেরা টেস্ট বোলিং। বোলারদের মতো ব্যাটাররা অজি কন্ডিশনের চ্যালেঞ্জে ভালো করতে ব্যর্থ হওয়ায় স্মরণীয় টেস্ট জয়ের পর অস্ট্রেলিয়ায় ভুলে যাওয়ার মতো টেস্ট হার হজম করল বাংলাদেশ।
- এক মাস আগে(১০:১০)
তাইজুলের বিদায়ে হারের আরও কাছে বাংলাদেশ
বাংলাদেশ ২য় ইনিংস : ৮৪/৮,
মুশফিকুর রহিম ২৪*, তাসকিন আহমেদ ০*
বাংলাদেশ ৬২ রানে পিছিয়ে।
৭ রান করে তাইজুল ইসলাম ফিরলেন। মিচেল স্টার্কের চতুর্থ শিকার হয়ে। এই টেস্টে দ্বিতীয়বার ইনিংসে ৫ উইকেট থেকে আর ১ শিকার দূরে স্টার্ক। এদিকে তাইজুলের বিদায়ে ম্যাকাই টেস্টে ইনিংস হারের আরও কাছে বাংলাদেশ।
- এক মাস আগে(০৯:৫২)
একশ’র আগেই সাত উইকেট নেই, ইনিংস হারের অপেক্ষায় বাংলাদেশ
বাংলাদেশ ২য় ইনিংস : ৭০/৭,
মুশফিকুর রহিম ২০*, তাইজুল ইসলাম ০*
বাংলাদেশ ৭৬ রানে পিছিয়ে।
অস্ট্রেলিয়ার পেস বোলিং আর নিজেদের কন্ডিশনে ভয়ঙ্কর হয়ে ওঠা, ম্যাকাই টেস্টে দুটোই দেখল বাংলাদেশ। দুইয়ের চ্যালেঞ্জ জিততে না পেরে ভালো বোলিং করেও সিরিজের দ্বিতীয় টেস্টে ইনিংস হারের ক্ষণ গুনছে বাংলাদেশ। অস্ট্রেলিয়াকে দ্বিতীয়বার ব্যাটিংয়ে পাঠাতে আরও ৭৬ রান দরকার সফরকারীদের। উইকেটে একমাত্র আশা হিসেবে অপরাজিত আছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম।
- এক মাস আগে(০৯:২৭)

আবারও ০ রানে ফিরলেন লিটন
বাংলাদেশ ২য় ইনিংস : ৬৬/৫,
মুশফিকুর রহিম ১৯*, মেহেদী হাসান মিরাজ ০*
বাংলাদেশ ৮০ রানে পিছিয়ে।
অস্ট্রেলিয়ায় ক্যারিয়ারের প্রথম টেস্ট সিরিজ দুঃস্বপ্ন হয়ে থাকল লিটন দাসের। দুই টেস্টের চার ইনিংসের মধ্যে তিনটিতে ব্যাট করার সুযোগ হয়েছে তার। কোনও ইনিংসেই রানের খাতা খুলতে পারেননি। তিনটি ইনিংসে ০ নিয়ে ফিরেছেন এই উইকেটকিপার ব্যাপার। অবিশ্বাস্য ভাবে তিন ইনিংসেই মিচেল স্টার্কের বলে আউট হয়েছেন। দুবার স্লিপে ক্যাচ হয়ে আর একবার এলবিডব্লিউ।
- এক মাস আগে(০৮:১৪)
নাজমুলের ভালো ইনিংসের বাজে সমাপ্তি
বাংলাদেশ ২য় ইনিংস : ৫১/৪,
মুশফিকুর রহিম ৮*, লিটন দাস ০*
বাংলাদেশ ৯৫ রানে পিছিয়ে।
২৭ রানের জুটিতে ম্যাকাইয়ের উইকেটে ব্যাটিংটা সহজ করে এনেছিলেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। এই টেস্টে বাংলাদেশের স্পেশালিস্ট ব্যাটারদের থেকে এটাই সেরা রানের জুটি। আগের ইনিংসে সর্বোচ্চ ৩৫ রান এসেছিল শেষ উেইকেট। নাজমুল ও মুশফিকের ব্যাটে বাংলাদেশ অনেকটাই ‘সেটেলড’ হয়ে এসেছিল। ঠিক সেই সময়ে ভুল শটে দারুণ ইনিংসের ইতি টানলেন অধিনায়ক। নাথান লায়নকে কাভারের ওপর দিয়ে খেলতে গিয়ে ভুল করেন নাজমুল। জোরের ওপর শট খেলে ফেলায় বল উঠে যায় লং অফে থাকা মিচেল স্টার্কের হাতে। ৪৬ বলে ৩১ রানের দারুণ সাজানো ইনিংসটি শেষ হলো হতাশায়।
- এক মাস আগে(০৭:৫১)
নাজমুলের ব্যাটে রান স্বস্তি দিচ্ছে
বাংলাদেশ ২য় ইনিংস : ৩৯/৩,
নাজমুল হাসেন শান্ত ২৩*, মুশফিকুর রহিম ৪*,
বাংলাদেশ ১০৭ রানে পিছিয়ে।
ম্যাকাই টেস্টে এখনও পিছিয়ে আছে বাংলাদেশ। অস্ট্রেলিয়াকে দ্বিতীয়বার ব্যাট করাতে হলে আরও ১০৭ রান চাই। এই চ্যালেঞ্জ জয়ে ভরসা হয়ে আছে নাজমুল হোসেন শান্তর ব্যাট। উইকেটে এসে শুরু থেকেই দারুণ আত্মবিশ্বাসের সঙ্গে খেলছেন বাংলাদেশ অধিনায়ক। ২৩ রানের ইনিংসে ৫টি চার এসেছে তার ব্যাট থেকে। সবগুলোই আত্মবিশ্বাসী শট। সঙ্গে ৪ রানে অপরাজিত মুশফিকুর রহিম। অভিজ্ঞ দুই ব্যাটারের কাছ থেকে বড় রান চাইছে দল।
- এক মাস আগে(০৭:৩০)

চার চারে ইনিংসের শুরুটা দারুণ করেছেন শান্ত। ছবি: ক্রিকইনফো
তানজিদের ফেরায় বিপদ বাড়ল
বাংলাদেশ ২য় ইনিংস : ২৪/৩,
নাজমুল হাসেন শান্ত ১৩*, মুশফিকুর রহিম ০*,
লিড ১২২ রান।
অস্ট্রেলিয়ায় এক সেঞ্চুরিই স্মরণীয় হয়ে থাকল তানজিদ তামিমের জন্য। বাকি তিন ইনিংসে বলার মতো রান নেই তার। সেঞ্চুরির পর জোড়া ০ করা বাংলাদেশ ওপেনার এবার ফিরলেন ৯ রানে। ৩৪ বল খেলে উইকেটে সেট হওয়ার পথেই ছিলেন। কোনও ভুল না করে মাঝ ব্যাটেই খেলছিলেন অজি বোলাদের। অথচ প্যাট কামিন্সের একটি বাউন্সারে গুলিয়ে ফেললেন সব।
বুক সমান উঠে আসা বলটি ঠিক পুল করার মতো ছিল না। কিন্তু তানজিদ পুল না হুক কোনটি করবেন সেই চিন্তায় থেকে খেললেন হাফশট। ঠিক পুলও ছিল না আবার পুরোপুরি হুক ও নয়। ঠিকঠাক শট না হওয়ায় বল সীমানা পার হয়নি। থার্ড ম্যানে মিচেল স্টার্ক সহজেই ক্যাচ নেন। ৩৪ বলে ৯ রানে থামে তানজিদের ইনিংস।
- এক মাস আগে(০৭:০০)
বাংলাদেশের ইনিংসে শুরুতেই জোড়া উইকেট নিয়ে আবারও স্টার্কের ধাক্কা
বাংলাদেশ ২য় ইনিংস : ৯/২,
তানজিদ তামিম ৪*, নাজমুল হাসেন শান্ত ৪*,
বাংলাদেশ ১৩৭ রানে পিছিয়ে।
দ্বিতীয় ইনিংসের শুরুতেই ভর করল প্রথম ইনিংসের ভয়। মিচেল স্টার্কই সেই ভয়ের কারণ। আবারও পরপর উইকেট নিচ্ছন এই পেসার। নিজের দ্বিতীয় ওভারে জোড়া উইকেট নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন। অবশ্য হ্যাটট্রিক হয়নি শেষ পর্যন্ত।
শুরুতেই থামালেন ৩ বলে ১ রান করা নড়বড়ে সাদমান ইসলামকে। স্টার্কের লাইনের বল লাফিয়ে খেলতে গিয়ে পয়েন্টে ক্যাচ দেন সাদমান। পরের বলেই বোল্ড হলেন মুমিনুল হক। স্টার্কের অফস্টাম্পের বলে ব্যাট লিফটে রেখে ভুল করেন অভিজ্ঞ এই ব্যাটার। বল ডিফেন্স করবেন না ছেড়ে দেবেন এই দোটানায় ব্যাট লিফটে রাখাই ভুল হল মুমিনুলের জন্য।
জোড়া উইকেট হারিয়ে শুরুতেই বিপদে পড়ল বাংলাদেশ। অবশ্য উইকেট এসেই স্টার্ককে দারুণ কাভার ড্রাইভে চার মেরে আত্মবিশ্বাস ছড়িয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল। তানজিদের সঙ্গে জুটি গড়ে অস্ট্রেলিয়ার লিড টপকানোর চ্যালেঞ্জ তাদের সামনে।
- এক মাস আগে(০৬:৪৩)
তাইজুল নিলেন শেষ উইকেট, ১৪৬ রানের লিড অজিদের
অস্ট্রেলিয়া ১ম ইনিংস : ২১০,
লিড ১৪৬ রান।
প্রথম ইনিংসের লিড খুব বেশি দূর নিতে পারেনি অস্ট্রেলিয়া। তবে ম্যাকাইয়ের স্পোর্টিং উইকেটে ১৪৬ রানের লিডও বেশ চ্যালেঞ্জিং। বিশেষ করে প্রথম ইনিংসে ৬৪ রানে অলআউট হওয়া বাংলাদেশের জন্য সেই হতাশা ভুলিয়ে দেওয়া কিছু করে দেখানোর চ্যালেঞ্জ থাকছে। দ্বিতীয় দিন শুরুতে অজিদের ইনিংস ৪৫ রানের মধ্যে আটকে দিয়েছে বাংলাদেশ। শেষ দুই উইকেট নিয়েছেন শরিফুল ও তাইজুল। ৪৮ রানে ৭ উইকেট নিয়ে টেস্টে দেশের বাইরে সেরা বোরিং ফিগার উপহার দিয়েছেন শরিফুল।
- এক মাস আগে(০৬:৪৩)
শরিফুলই এনে দিলেন প্রথম উইকেট
অস্ট্রেলিয়া ১ম ইনিংস : ১৮৬/৮,
নাথান লায়ন ১৫*, জস হ্যাজেলউড ০*,
লিড ১২২ রান।
দিনের শুরুতে বাংলাদেশের মুখে হাসি ফোটালেন শরিফুল ইসলাম। প্রত্যাশা মতো দ্বিতীয় দিন প্রথম উইকেট এনে দিলেন তিনি। শরিফুলের বাতাসে লেট ইনসুইং করা ইয়র্কার ডিলেভারিতে সময় মতো ব্যাট নামাতে ব্যর্থ হন ক্যামেরুন গ্রিন। বল সরাসরি তার বুটে লাগে, এলবিডব্লিউ’র আবেদনে শুরুতে সাড়া দেননি আম্পায়ার কুমার ধর্মসেনা। তবে রিভিউ নিয়ে সফল হয় বাংলাদেশ। ৬৭ রানে ফেরেন গ্রিন। এই উইকেটটাই চেয়েছিল বাংলাদেশ। ৪৯ রানে ৭ উইকেট নিয়ে দেশের বাইরে সেরা বোলিং ফিগারের কীর্তি গড়লেন শরিফুল। আগেরটি ছিল তাইজুল ইসলামের জিম্বাবুয়ের বিপক্ষে ১৩৮ রানে ৭ উইকেট।
দ্বিতীয় দিন অস্ট্রেলিয়াকে দ্রুত থামাতে শরিফুলের দিকে তাকিয়ে বাংলাদেশ
অস্ট্রেলিয়া ১ম ইনিংস : ১৭৩/৮,
ক্যামেরন গ্রিন ৫৫, নাথান লায়ন ১৪,
লিড ১০৯ রান।
ম্যাকাই টেস্টের প্রথমদিন ব্যাটিংয়ে চরম হতাশ করে বাংলাদেশ। মাত্র ৬৪ রানে অলআউট হয় সফরকারীরা।তবে বোলিংয়ে শরিফুল ইসলাম দুর্দান্ত স্পেলে বাংলাদেশ ম্যাচে ফেরে। অবশ্য খুব বেশি যে এগিয়েছে তা বলার সুযোগ নেই। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ১০১ রানের লিড নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে। উইকেটে আছেন প্রথম টেস্টে সেঞ্চুরি করা ক্যামেরন গ্রিন। হাফসেঞ্চুরি পার করা এই ব্যাটারই অজিদের দ্রুত অলআউট করার লক্ষ্যে বাংলাদেশের বড় বাঁধা। তবে ক্যারিয়ার সেরা স্পেলে ৬ উইকেট নেওয়া শরিফুলের আরেকটি ছন্দময় স্পেলে তাকিয়ে বাংলাদেশ।



