শাহাদাত হোসেনকে চসিকের পূর্ণকালীন প্রশাসক নিয়োগ

বর্তমান মেয়র ডা. শাহাদাত হোসেন
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) বর্তমান মেয়র ডা. শাহাদাত হোসেনকে সংস্থাটির পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তবে প্রজ্ঞাপনে প্রশাসক হিসেবে তার নিয়োগের কথা বলা হলেও মেয়র হিসেবে তার মেয়াদ কবে শেষ হয়েছে, সে বিষয়ে কোনো উল্লেখ নেই।
আজ রবিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
উপসচিব জুয়েল রানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) আইন, ২০২৬’–এর ধারা ৪ অনুযায়ী করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ডা. শাহাদাত হোসেনকে চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো। তিনি মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধিমোতাবেক সম্মানী ভাতা পাবেন।
আইন অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের ষষ্ঠ পরিষদের পাঁচ বছর মেয়াদ গত ২২ ফেব্রুয়ারি শেষ হয়েছে। ২০২১ সালের ২৭ জানুয়ারি নির্বাচনের পর ওই বছরের ২৩ ফেব্রুয়ারি পরিষদের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছিল।
‘প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যটি করেছি মজা করে, ভুল হয়ে গেছে’, বললেন সেই যুবক
২৫ অক্টোবর ২০২৬
স্থানীয় সরকার আইন অনুযায়ী প্রথম সভার তারিখ থেকেই পরিষদের পাঁচ বছর মেয়াদ গণনা করা হয়। সে হিসাবে পরিষদের মেয়াদ শেষ হলেও ডা. শাহাদাত হোসেন মেয়রের দায়িত্ব পালন করে আসছিলেন।
২০২১ সালের নির্বাচনে আওয়ামী লীগের এম রেজাউল করিম চৌধুরী মেয়র নির্বাচিত হয়েছিলেন। ২০২৪ সালের আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ জারির মাধ্যমে রেজাউল করিমসহ অন্যান্য সিটির মেয়রদের অপসারণ করে। এরপর ২০২১ সালের নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে দায়ের করা মামলার রায়ে ২০২৪ সালের ৩ নভেম্বরে মেয়রের চেয়ারে বসেন ডা. শাহাদাত হোসেন। তার দাবি ছিল, দায়িত্ব গ্রহণের তারিখ অনুযায়ী তার মেয়াদ ২০২৯ সালের নভেম্বর পর্যন্ত রয়েছে।
যদিও সিটি করপোরেশন আইনের ৩৪ ধারা অনুযায়ী, কোনো করপোরেশন বিলুপ্ত হলে ১৮০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা ছিল। কিন্তু জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন না হওয়ার প্রেক্ষাপটে সেই ভোট অনুষ্ঠিত হয়নি। এ অবস্থায় সরকার সংশোধিত আইনের ২৫ক ধারা প্রয়োগ করে বিশেষ পরিস্থিতিতে মেয়র শাহাদাত হোসেনকেই চসিকের প্রশাসক হিসেবে নিয়োগ দিল।




