মেসির বিদায়ী ম্যাচেও ব্যবসাকে প্রাধান্য দিল আর্জেন্টিনা!

সংগৃহীত ছবি
স্তাদিও মনুমেন্টালে তার বিদায়ী ম্যাচ উপলক্ষে করা হয়েছিল নানা আয়োজন। আলোকসজ্জা থেকে বিশেষ ড্রোন শো; সবই ছিল লিওনেল মেসিকে কেন্দ্র করেই। তবে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন আয়োজিত এই ড্রোন শো নিয়েই উঠেছে বড় বিতর্ক। স্পন্সরদের ‘উৎপাতে’ চূড়ান্ত রকমের বিরক্ত হয়েছেন খেলা উপভোগ করতে আসা মেসি ভক্তরা।
বুয়েনস এইরেসের মনুমেন্টালে বেনিনের বিপক্ষে ঐতিহাসিক এই ম্যাচে উপস্থিত ছিলেন ৮৫ হাজারের বেশি আর্জেন্টিনা সমর্থক। তাদের সবার আকর্ষণ ছিল মেসিকে ঘিরেই। ম্যাচ শেষে আলোকসজ্জা, ড্রোন শোতে কী দেখানো হবে সেই অপেক্ষাতেই ছিলেন তারা।
তবে ড্রোন শোর শুরুতেই বাঁধে বিপত্তি। স্টেডিয়ামের ওপরে ভেসে ওঠা প্রথম ছবিটিই ছিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) এক স্পন্সরের লোগো ও নাম!
পুরোপুরি আবেগ ও উদযাপনে ঘেরা একটি মুহূর্তে ফুটবল ফেডারেশনের এমন বাণিজ্যিক সিদ্ধান্ত কিছুতেই মানতে পারছিলেন না মাঠে উপস্থিত মেসি ভক্তরা। প্রায় ১০ সেকেন্ডের জন্য পুরো আকাশ জুড়ে প্রথমে স্পন্সরের লোগো এবং তারপর নাম ভেসে ওঠে।
মেসি নিজেও খানিকটা অবাক হয়ে তাকিয়ে ছিলেন। ক্ষুব্ধ সমর্থকরা গ্যালারি থেকেই দুয়ো দিতে থাকেন। তাদের অনেকেই পরবর্তীতে বলেছেন, এমন একটি ঐতিহাসিক মুহূর্তেও এএফএ আয়ের সুযোগ হিসেবে ব্যবহার করা থেকে নিজেদের বিরত রাখতে পারেনি। যেখানে সব মনোযোগের কেন্দ্রবিন্দু হওয়া উচিত ছিল শুধুই মেসির!
সমালোচনার ঝড় এতটাই তীব্র ছিল যে, সংশ্লিষ্ট স্পন্সর কোম্পানিটি (একটি বীমা প্রতিষ্ঠান) সামাজিক মিডিয়ায় নেতিবাচক মন্তব্য, অভিযোগ ও প্রতিবাদের কারণে তাদের অ্যাকাউন্টের মন্তব্য করার অপশন বন্ধ করতে বাধ্য হয়!




