সমর্থকদের দুয়োতে চিন্তিত নন ইতালি কোচ

সংগৃহীত ছবি
ডুবতে থাকা ইতালির দায়িত্ব নিয়েছেন তিনি। স্কোয়াডে বড় পরিবর্তন এনেও সুবিধা করতে পারল না রবার্তো মানচিনির দল। নেশনস লিগের ম্যাচে বেলজিয়ামের কাছে ২-০ গোলে হেরে নতুন যাত্রার শুরুটা ভালো হয়নি তার। শুধু তাই নয়, ইতালি ঘরের মাঠে দর্শকের দুয়োও শুনেছে। মানচিনি অবশ্য জানিয়েছেন, দুয়ো নিয়ে একেবারেই মাথা ঘামাচ্ছেন না তিনি।
রোমের স্তাদিও অলিম্পিকোর ৭০ হাজার আসনের স্টেডিয়ামে দর্শক ছিলেন ৪৭ হাজার ১৫৫ জন। অল্পসংখ্যক কিছু ছাড়া সবাই ইতালি সমর্থক। কিন্তু ম্যাচজুড়ে হতাশ হতে হলো তাদের। ম্যাচের শেষ বাঁশি বাজতেই গ্যালারি থেকে ভেসে এলো দুয়োর সুর। সময়ের সঙ্গে তীব্র হয় সেই দুয়োধ্বনি।
ম্যাচজুড়েই টাচলাইনে বারবার হতাশা প্রকাশ করতে দেখা গেছে মানচিনিকে। তার চেহারায় ছিল অসহায়ত্বের ছাপও।
ম্যাচের পর দুয়ো প্রসঙ্গে মানচিনি বললেন, ‘হারলে তো কেউই আসলে খুশি হয় না। হারের পর দুয়োধ্বনি শুনতে হয়। এটাই স্বাভাবিক।‘
এই ম্যাচের স্কোয়াডে তরুণ বেশ কজন ফুটবলারকে জায়গা দিয়েছিলেন মানচিনি। গোলের সুযোগ হাতছাড়া করার পাশাপাশি নিজেদের ভুলে গোল খাওয়াকেই দায় দিলেন কোচ, ‘প্রথমার্ধে বেলজিয়াম আমাদের চেয়ে ভালো খেলেছে কিন্তু দ্বিতীয়ার্ধে তারা হিমশিম খেয়েছে। আমরা সমতা ফেরাতে পারতাম, সুযোগ ছিল। দ্বিতীয় গোলের আগ পর্যন্ত আমাদেরই দাপট ছিল। কিন্তু নিজেদের ভুলের কারণেই গোল খেয়েছি। বেলজিয়াম দুর্দান্ত দল এবং তারা ভালো খেলেছে।‘
নেশনস লিগে পরের ম্যাচে সোমবার ইতালি লড়বে তুরস্কের বিপক্ষে।



