ভারতকে যথেষ্ট সমীহ করছেন আনচেলত্তি

সংগৃহীত ছবি
ভারতের বিপক্ষে প্রথমবার আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামবে ব্রাজিল। এরই মধ্যে কলকাতায় পা রেখেছে সেলেসাওরা। ঐতিহাসিক এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, প্রতিপক্ষ হিসেবে ভারতকে যথেষ্ট সমীহ করেন তারা।
আনচেলত্তির মতে, পানামার বিপক্ষে ভারতের সাম্প্রতিক পারফরম্যান্সই তাদের সামর্থ্যের প্রমাণ। বিশ্বকাপে খেলা পানামার সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল ভারত।
শনিবার কলকাতার সল্টলেক স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। ফিফা র্যাংকিংয়ে ব্রাজিলের অবস্থান পঞ্চম, ভারত ১৩৮তম।
সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘ভারতীয় দলের প্রতি আমাদের যথেষ্ট সম্মান আছে। তারা পানামার বিপক্ষে ভালো লড়াই করে ড্র করেছে।‘
ভারতে ক্রিকেট সবচেয়ে জনপ্রিয় খেলা হলেও, ফুটবলের প্রতি মানুষের আগ্রহের কথাও বললেন আনচেলত্তি, ‘ক্রিকেট তাদের সংস্কৃতির অংশ, ফুটবল সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলা নয়। কিন্তু এর মানে এই নয় যে তারা ফুটবল ভালোবাসে না। এখানে এসে আমরা আনন্দিত। যারা ম্যাচটি দেখার সুযোগ পাবেন, তাদের সামনে নিজেদের সামর্থ্য তুলে ধরতে চাই। এটি দারুণ একটি রাত হতে যাচ্ছে।’
ভারতের বিপক্ষে ম্যাচে ব্রাজিল দলে থাকছেন না রাফিনিয়া। উরুর চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন তিনি। তাকে ছাড়াও ভিনিসহ অন্য তারকাদের নিয়ে শক্তিশালী দল নিয়েই কলকাতায় এসেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
বিশ্বকাপের শেষ ষোলো থেকে নরওয়ের কাছে হেরে বিদায়ের পর নতুনভাবে দল গড়ার প্রক্রিয়ায় রয়েছে ব্রাজিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে সাম্প্রতিক দুই প্রীতি ম্যাচে একটি জয় ও একটি ড্র পেয়েছে তারা।
আনচেলত্তির কাছে ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচগুলো তাই আগামী দিনের প্রস্তুতির অংশ, ‘বিশ্বকাপে আমরা যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতা করতে পারিনি, এটা সত্যি। সময়টা আমাদের জন্য কঠিন ছিল। তবে আগামী বছরগুলোতে সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করতে নতুন প্রজন্মের খেলোয়াড়দের জন্য এটি অনুপ্রেরণা। অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে ম্যাচগুলো নিজেদের সামর্থ্য দেখানোর ভালো প্রস্তুতি ও সুযোগ।‘
আনচেলত্তির পর সংবাদ সম্মেলনে আসেন ভারতের কোচ খালিদ জামিল। মঞ্চে দুজনকে হাসিমুখে দেখা যায়। পরে তারা পরস্পরকে আলিঙ্গনও করেন।
ব্রাজিলের মতো দলের বিপক্ষে ম্যাচে চাপ থাকলেও সেটি সামলে নিজেদের সেরাটা দেওয়ার প্রত্যয় জানান ভারত কোচ, ‘চাপ থাকবে, কিন্তু আমাদের সেটি সামলাতে হবে এবং দায়িত্ব নিতে হবে। আপনি যদি নিজের সেরাটা দেন, তাহলে যেকোনো কিছুই ঘটতে পারে।’



