১৬ বছর বয়সী জার্মান ফুটবলারকে কিনল বার্সা

সংগৃহীত ছবি
দলবদলের এই মৌসুমে বেশ কয়েকজন তরুণ ফুটবলারকে কিনেছে বার্সেলোনা। শেষ মুহূর্তে জার্মানি থেকে ১৬ বছর বয়সী ডিফেন্ডার মিকেল বাজাকে দলে ভেড়াচ্ছে কাতালান ক্লাবটি।
জার্মান সাংবাদিক ফ্লোরিয়ান প্লেটেনবার্গ সামাজিক যোগাযোগমাধ্যমে বাজার বার্সায় যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার মেডিকেল পরীক্ষা শেষে বার্সেলোনার সঙ্গে চুক্তিতে সই করার কথা বাজের। ২০২৯ সাল পর্যন্ত কাতালান ক্লাবটির সঙ্গে থাকবেন তিনি।
তবে এখনই বার্সেলোনার মূল দলের দরজা খুলছে না এই তরুণ সেন্টার ব্যাকের জন্য। পরিকল্পনা অনুযায়ী, প্রথমে বার্সা যুব দলের হয়ে খেলবেন বাজা। সেখানেই ধীরে ধীরে নিজেকে তৈরি করে পরে মূল দলের জন্য বিবেচিত হবেন।
বাজাকে দলে আনার পেছনে বড় ভূমিকা রয়েছে বার্সেলোনা কোচ হান্সি ফ্লিকের। জার্মান যুব দলের হয়ে খেলার সময় থেকেই এই তরুণকে নজরে রেখেছিলেন বার্সা কোচ। পরে বাজাকে দলে ভেড়াতে ক্লাব কর্তৃপক্ষকে তিনিই আগ্রহী করে তোলেন।
বার্সেলোনায় আসার আগে অবশ্য আরও একটি বড় ক্লাবের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বাজা। জুভেন্টাসের প্রস্তাব প্রত্যাখ্যান করেই কাতালান ক্লাবটিকে বেছে নিয়েছেন তিনি।







