আসিয়ান কাপ
৯ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ছবি: বাফুফে
প্রথম দুই ম্যাচ হেরে বিদায়ঘণ্টা বেজে গেছে আগেই। ইন্দোনেশিয়ার বিপক্ষে আসিয়ান কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ। এই ম্যাচে ৯ গোলের লজ্জা পেল হামজা-জামালরা। স্বাগতিকদের কাছে ৯-২ গোলের হার দিয়ে টুর্নামেন্ট শেষ করল বাংলাদেশ।
প্রথমার্ধেই ৬-১ গোলে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত কয় গোল খায় হামজারা, সেদিকেই তাকিয়ে ছিল সবাই।
দ্বিতীয়ার্ধে অবশ্য বেশ ভালো পারফর্ম করেছে বাংলাদেশ। নির্ধারিত সময়ের ৮৮ মিনিট পর্যন্ত আর গোল হজম করেনি ডুলির দল।
কিন্তু এরপর আবারও খেই হারিয়ে ফেলে বাংলাদেশ। নির্ধারিত সময় শেষ হওয়ার ঠিক আগে দলের ৭ম গোল করেন লুক বিকারি।
৯১তম মিনিটে একটি গোল শোধ করেন বদলি হিসেবে নামা ফারহান আলী।
৭-২ গোলে এগিয়ে থেকেও ফাইনালে ওঠা হচ্ছিল না ইন্দোনেশিয়ার। মালয়েশিয়ার চেয়ে গোল ব্যবধানে ২ গোলে পিছিয়ে ছিল তারা।
তবে অবিশ্বাস্যভাবে এক মিনিটের মধ্যে দুইবার বাংলাদেশের জালে বল জড়িয়ে ফাইনালে পৌঁছে যায় স্বাগতিকরা। ষষ্ঠ মিনিটে কেভিন ডিকস, সপ্তম মিনিটে লি বেকার করেন গোল। ম্যাচে বেকারের পঞ্চম গোল এটি।
শেষ পর্যন্ত ৯-২ গোলের বিশাল জয় নিয়ে ফাইনালে পৌঁছে গেল ইন্দোনেশিয়া। লজ্জার এক হার দিয়ে টুর্নামেন্ট শেষ করল বাংলাদেশ।
বাংলাদেশ এর আগে দুবার ম্যাচে ৯ গোল হজম করেছিল। প্রথমবার ১৯৭৯ সালে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে, এরপর ১৯৮২ সালে ইরানের বিপক্ষে। দুই ম্যাচেই ফল ছিল ৯–০।



