আসিয়ান কাপ
ইন্দোনেশিয়ায় গোলবন্যায় ভেসে যাচ্ছে ডুলির দল

ছবি: বাফুফে
প্রথম দুই ম্যাচ হেরে বিদায়ঘণ্টা বেজে গেছে আগেই। ইন্দোনেশিয়ার বিপক্ষে আসিয়ান কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ। এই ম্যাচে আরও বড় হারের দিকে এগিয়ে যাচ্ছেন হামজা-জামালরা। প্রথমার্ধেই ৬-১ গোলে পিছিয়ে পড়েছে থমাস ডুলির দল।
জাকার্তার গেলোরা বুং কর্ন স্টেডিয়ামে একটি পরিবর্তন নিয়ে নেমেছিল বাংলাদেশ। ম্যাচের ১১তম মিনিটে এগিয়ে যায় ইন্দোনেশিয়া। ওলে রমনির ব্যাক পাস থেকে পাওয়া বল প্রথম স্পর্শেই জালে পাঠিয়েছেন মিচেল বেকার।
২০ মিনিটে লিড দ্বিগুণ করেন বেকার। জটলার মধ্য থেকে বল জালে পাঠিয়েছেন তিনি। ৩১তম মিনিটে স্বাগতিকদের তৃতীয় গোল এসেছে রিজকি রিদোর পা থেকে।
৩৬তম মিনিটে এক গোল শোধ করে বাংলাদেশ। এবারের ফিফা আসিয়ান কাপেই বাংলাদেশের প্রথম গোল। করেছেন শাহরিয়ান ইমন।
বাঁ দিক থেকে বল নিয়ে ভেতরে ঢুকেছিলেন সুকি। একেবারে বাইলাইনের কাছে গিয়ে কাট ব্যাক করেছেন গোলমুখে, প্রায় ফাঁকায় থাকা ইমন সামনে ঝাঁপিয়ে হেডে বল জালে পাঠালেন।
৩৭ মিনিটে বেকারের হ্যাটট্রিকে চতুর্থ গোল পায় ইন্দোনেশিয়া। ৪২ মিনিটে নিজের চতুর্থ গোল পেলেন বেকার।
হাফ টাইমের আগে ষষ্ঠ গোল পায় স্বাগতিকরা। ৪৫ মিনিটে গোল পেয়েছেন হামবার। ৬-১ এ এগিয়ে হাফ টাইমে মাঠ ছাড়ল ইন্দোনেশিয়া।



