মার্তিনেস
মেসির শেষ নৃত্য উপভোগ করতে যাচ্ছি

২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের দহন এখনও তাড়িয়ে বেড়াচ্ছে আলবিসেলেস্তে শিবিরে। তবে সেই দুঃখ ভুলে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে ঐতিহাসিক বিদায়কে স্মরণীয় করে রাখতে বদ্ধপরিকর ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেস। জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে বুয়েনস এইরেসে পৌঁছে সংবাদমাধ্যমের কাছে এমনটাই জানিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকা সেন্টার-ব্যাক।
আগামী ৬ অক্টোবর স্তাদিও মনুমেন্তালে আর্জেন্টিনার জার্সি গায়ে শেষবারের মতো মাঠে নামতে যাচ্ছেন লিওনেল মেসি। এই জাদুকরকে বর্ণাঢ্য বিদায় জানাতে সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। স্টেডিয়ামের সমস্ত টিকিট এরই মধ্যে বিক্রি হয়ে গেছে। ২০২২ সালের বিশ্বকাপজয়ী স্কোয়াদের সকল সদস্য এবং তাদের পরিবারকেও বিশেষ আমন্ত্রণ জানিয়েছে এএফএ। মেসির বিদায়ী ম্যাচ হলেও সংবাদমধ্যমের প্রশ্নে উঠে আসে বিশ্বকাপ ফাইনালে হারের যন্ত্রণা। এসব নিয়ে ইএসপিএন আর্জেন্টিনাকে লিসান্দ্রো মার্তিনেস বলেন, ‘এটা অনেক কষ্টের বিষয়। এটা নিয়ে না ভাবাই ভালো। টুর্নামেন্টজুড়ে আমরা যে প্রচণ্ড পরিশ্রম করেছি, সেটির মূল্যও কম নয়। নিঃসন্দেহে আমরা ভালো বিশ্বকাপ খেলেছি। তবে এখন সেটা অতীত। এখন আমরা দেশে ফিরেছি এবং লিওর লাস্ট ড্যান্স উপভোগ করতে যাচ্ছি।’
উত্তর আমেরিকা বিশ্বকাপ শেষে মেসির বাবা মৃত্যুবরণ করেন। এর পরপরই মেসি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান। ফুটবলের এই মহানায়ককে বিদায় জানাতে প্রস্তুত হচ্ছে আর্জেন্টিনা। এই বিষয়ে এএফএ সভাপতি ক্লাদিও তাপিয়া জানিয়েছেন, ‘বিশ্বের সেরা খেলোয়াড়, আমাদের জাতীয় দলের প্রতীক, আমাদের অধিনায়ক লিওনেল আন্দ্রেস মেসিকে এমন এক বিদায় সংবর্ধনা দিতে চাই, যা তিনি সত্যিই পাওয়ার যোগ্য।’




