শেষ দিনে অসম্ভবের হাতছানি

সিলেট টেস্টের সম্ভাব্য ফল দুটি, বাংলাদেশের হার অথবা ড্র। একাধিক ব্যাটারের কাছ থেকে অসাধারণ এবং অকল্পনীয় ইনিংসের দেখা না পাওয়া গেলে সিলেটে বাংলাদেশের জেতার সম্ভাবনা প্রায় শূন্যের কোঠায়। মাথার ওপর ৩১৫ রানের বোঝা, সেটা আরও বাড়বে কি না, বোঝা যাবে সকালে। ওয়েস্ট ইন্ডিজ যদি আবার ব্যাটিংয়ে নাও নামে, একজন কম নিয়েই গোটা পঞ্চম দিন ব্যাটিং করতে হবে বাংলাদেশের ব্যাটারদের। করতে হবে এই রান। দুটিই প্রায় অসম্ভব।
তাওহীদ হৃদয়ের অসাধারণ ডাবল সেঞ্চুরিতে বুঁদ হয়ে থাকা তৃতীয় দিনের খেলার পর চতুর্থ দিনটা বাংলাদেশের বোলারদের নির্বিষ বোলিংয়ের সামনে অনায়াসে কাটিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। আগের দিন মাত্র ৭ রান করেই দিনের খেলা শেষ হওয়ার পর ড্রেসিংরুমে ফিরে এসেছিলেন জশুয়া ডি সিলভা ও ব্রেন্ডন কিং। গতকাল রবিবার এই দুজনের বিচ্ছেদ ঘটল একত্রে ৮৫ রান যোগ করার পর। এই সিরিজে কিং দ্বিতীয় ইনিংসে বড় ব্যবধান গড়ে দিচ্ছেন। ঢাকা টেস্টেও দ্বিতীয় ইনিংসে তার ৮১* রানের ইনিংসটাই জিতিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে, সিলেটেও প্রথম ইনিংসে মাত্র ৯ রানে আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে তার ৬১ এবং জশুয়া ডি সিলভা ও কাভেম হজের সঙ্গে দুটি জুটি ওয়েস্ট ইন্ডিজের বড় সংগ্রহের ভিতটা গড়ে দিয়েছে।
তবে বাংলাদেশকে ভুগিয়েছেন কাভেম হজ, সঙ্গে অভিষিক্ত কেভিন উইকহ্যাম। এই কাভেম আর কেভিনের ১৬৫ রানের জুটিটাই বাংলাদেশের জয়ের স্বপ্নকে দূরে ঠেলতে ঠেলতে খাদের কিনারায় নিয়ে গিয়েছে। ৭৮ রান করা উইকহ্যামকে আউট করেছেন তাইজুল ইসলাম, রিটার্ন ক্যাচ নিয়ে। ভোগান্তি বাড়ানোর দুঃস্বপ্ন নিয়ে কাভেম হজ এখনো নটআউট। নিজের সর্বোচ্চ রানের টেস্ট ইনিংসটা খেলে ফেলেছেন হজ (১৪০*), সকালে সেটা আরও বাড়াবার সুযোগ পাবেন, নাকি শিশিরের সুবিধা নিতে জেডন সিলস-শামার জোসেফদের হাতে বল তুলে দেবেন রোচ?
বলের চকচকে ভাবটা চলে গেলে, উইকেট থেকে সাহায্যের পরিমাণ কমে এলে বাংলাদেশের বোলারদের ধারটা চলে যায়, সেই সত্যি কথাটাই সামনে এলো আবার। হাসান মাহমুদ ১১ ওভারে ৬১ রান দিয়ে উইকেটশূন্য, গড়ে প্রায় ৬ করে রান দিয়েছেন ওভারে। তাসকিন আহমেদ দিয়েছেন ১১ ওভারে ৫১। দুই পেসার উইকেট বের করতে পারলেন না নতুন বলে। দুটি উইকেট নিয়েছেন তাইজুল, জশুয়াকে লেগবিফোর আর উইকহ্যামকে রিটার্ন ক্যাচে। পুরো দিনে ৭৯ ওভার খেলা হয়েছে, উইকেট পড়েছে তিনটি। আরেকটি উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ।
আলোকস্বল্পতার কারণে বিকাল সাড়ে ৪টা বাজার কয়েক মিনিট আগে আম্পায়াররা খেলা থামিয়ে দিলেও ৭৯ ওভার খেলা হয়েছে চতুর্থ দিনে, যা এখন পর্যন্ত চলমান সিলেট টেস্টে সবচেয়ে বেশি ওভার খেলা হওয়ার দৃষ্টান্ত। প্রথম তিন দিনে যথাক্রমে ৭০, ৭৭ ও ৭৬ ওভার খেলা হয়েছিল। ৭৯ ওভারের ভেতর পেসাররা করেছেন ২২ ওভার, কেউই উইকেট পাননি। অথচ সকালে দিনের খেলার শুরুতে বলটা নতুন, উইকেটে কিছুটা তাজা ভাব। ব্রেক থ্রু দিতে পারেননি তাসকিন-হাসান। এরপর বেলা যত গড়িয়েছে, উইকেট তত ব্যাটিং সহায়ক হয়েছে, এটা যেমন সত্যি, তেমনি বাংলাদেশের বোলারদের দক্ষতার ঘাটতিটাও ফুটে উঠেছে প্রকটভাবে। বলের বৈচিত্র্য কম, উইকেট থেকে সহায়তা না পেলে শুধু জায়গায় বল ফেলে যে ব্যাটারদের ভুল করানো যায় না; এই - , ,



