ক্রিকেটের ভয়ংকর চতুষ্টয়

অ্যান্ডি রবার্টস, মাইকেল হোল্ডিং, জোয়েল গার্নার ও কলিন ক্রফট— ওয়েস্ট ইন্ডিজের এই চার পেসারের বল সামলাতে বুক কাঁপত ব্যাটারদের। আশির দশক শাসন করা চার কিংবদন্তি একসঙ্গে যা পারেননি, সেটাই করলেন অস্ট্রেলিয়ার বোলিং চতুষ্টয়— নাথান লায়ন, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউড। টেস্টের ১৪৯ বছরের ইতিহাসে একসঙ্গে খেলা ম্যাচে এই চার বোলারের সম্মিলিত উইকেট ৬০৯টি। অথচ একসঙ্গে খেলে আর কোনো চতুষ্টয় পা রাখতে পারেননি ৪৫০ উইকেটের মাইলফলকেও।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবান টেস্টে কীর্তিটা গড়েছেন এই চার বোলার। কামিন্স ৩টি আর সমান ২টি করে উইকেট হ্যাজেলউড, স্টার্ক ও লায়নের। দ্বিতীয় ইনিংসে গতকাল ২ উইকেট নেন হ্যাজেলউড, আরেকটি উইকেট কামিন্সের। এই চারজনের একসঙ্গে খেলা টেস্টে উইকেট এখন ৬০৯টি! তাও মাত্র ৩৮ টেস্ট খেলে করেছেন কীর্তিটা। লায়ন ছাড়া অন্য তিনজনই পেয়েছেন ১৫০টির বেশি উইকেট।
তাদের চারজনের সম্মিলিত টেস্ট উইকেট অবশ্য ১৬৫৩টি (সব ম্যাচ একসঙ্গে খেলেননি)! লায়নের উইকেট ৫৭৩, স্টার্কের ৪৪৭, কামিন্সের ৩২৫ ও হ্যাজেলউডের ৩০৫টি। একসঙ্গে খেলে ৩৪ টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ ৪৩৩ উইকেটের কীর্তি ইংল্যান্ডে জেমস অ্যান্ডারসন, বেন স্টোকস, স্টুয়ার্ট ব্রড ও মঈন আলির। এ ছাড়া আর কোনো চতুষ্টয়ের নেই ৪০০ উইকেট। একসঙ্গে খেলে ৩০ ম্যাচে তৃতীয় সর্বোচ্চ ৩৭৭ উইকেট ওয়েস্ট ইন্ডিজের কার্টলি অ্যামব্রোস, ইয়ান বিশপ, কার্ল হুপার ও কোর্টনি ওয়ালশের।
ডারবান টেস্টের তৃতীয় দিনটি দক্ষিণ আফ্রিকার জন্য হয়ে উঠেছিল দুঃস্বপ্নের। অস্ট্রেলিয়ার ৩৯০ রানের জবাবে তারা অলআউট হয় ২৮৪ রানে। অস্ট্রেলিয়া দিনটি শেষ করে বিনা উইকেটে ৩৩ রানে। গতকাল চতুর্থ দিন ৬ উইকেটে ৩১৪ রানে ইনিংস ঘোষণা করেন কামিন্স। জয়ের জন্য দক্ষিণ আফ্রিকাকে করতে হবে ৪২১ রান। টেস্টে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডই ৪১৮ রানের। জবাবে ৪ উইকেটে ১০২ রানে চতুর্থ দিনের খেলা শেষ করেছে প্রোটিয়ারা।




