নারী এশিয়া কাপ
ভারতের কাছে হেরে বাংলাদেশের বিদায়

সংগৃহীত ছবি
পুরো টুর্নামেন্টেই ব্যাটিংটা ভুগিয়েছে বাংলাদেশকে। সেমিফাইনালেও এর ব্যতিক্রম হলো না। ভারতের দেওয়া ১৫০ রানের লক্ষ্যটা শেষ পর্যন্ত ছুঁতে পারেনি বাংলাদেশের মেয়েরা। নারী এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের কাছে ৪০ রানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল নিগার সুলতানার দল। বাংলাদেশের ইনিংস থেমেছে ৭ উইকেটে ১০৯ রানে।
টপ অর্ডারের সবাই শুরু পেলেও ইনিংসটা বড় করতে পারেনি। গড়ে ওঠেনি কোন বড় জুটিও। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে তাই কখনোই জয়ের আশা জাগাতে পারেনি বাংলাদেশ।
দলীয় সর্বোচ্চ ২২ রান আসে স্বর্ণার ব্যাট থেকে। দিলারা করেছেন ২১ রান। ২৬ রানে ৩ উইকেট নিয়ে ভারতের সেরা বোলার দীপ্তি শর্মা।
শেষ পর্যন্ত বাংলাদেশের ইনিংস থামে ১০৯ রানে।
এর আগে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টসের লড়াইয়ে জিতেছে নিগার সুলতানার দল। টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল বাংলাদেশ। শেফালির দারুণ এক ফিফটিতে বাংলাদেশকে ১৫০ রানের টার্গেট দিয়েছে ভারত। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৯ রান তুলেছে ভারত।
দুই দলই মাঠে নেমেছিল অপরিবর্তিত একাদশ নিয়ে। ম্যাচের দ্বিতীয় ওভারেই প্রথম আঘাত হানেন সুলতানা খাতুন। ২ রান করা স্মৃতি মান্ধানাকে ফেরান সুলতানা।
ভারতের বিপদ আরও বাড়তে পারত। শুরুর দিকে দুইবার ও পরে আরেকবার জীবন পান আরেক ওপেনার শেফালি বর্মা। সেই শেফালিই সবচেয়ে বেশি ভুগিয়েছেন বাংলাদেশকে। ঝড়ো এক ফিফটি করে দলের বড় স্কোরের পথ সুগম করেন তিনি।
ফিফটি তুলে নেওয়ার পর প্যাভিলিয়নে ফিরেছেন শেফালি। ৭ চার ও ৩ ছক্কায় ৪০ বলে ৬৪ রানে সুলতানার দ্বিতীয় শিকার হয়ে ফেরেন তিনি।
চতুর্থ উইকেটে হারমানপ্রিত ও রিচা ঘোষ ৩৬ রানের জুটি গড়েন। ২১ রানে নাহিদার বলে স্ট্যাম্পিংয়ের শিকার হয়ে ফেরেন রিচা।
শেষ পর্যন্ত ১৪৯ রানের পুঁজি পায় ভারত। দীপ্তি ৬ বলে ১৩ রান করে ফেরেন মারুফার বলে। ২৪ রানে অপরাজিত ছিলেন হারমানপ্রিত। ইনিংসের শেষ দুই বলে দুই উইকেট হারিয়ে ১৫০ ছুঁতে পারেনি ভারত।
বাংলাদেশের হয়ে দুই উইকেট নিয়েছেন সুলতানা।



