জন্মদিনে পপি ‘নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি’

পপি
ঢালিউডের ‘বুনো সুন্দরী’ হিসেবে পরিচিত চিত্রনায়িকা পপির জন্মদিন আজ। জীবনের বিশেষ এই দিনটি এবার বেশ আধ্যাত্মিক ও পারিবারিক আবহে কাটিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেত্রী। রাত ১২টায় নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন তিনি। এরপর পরিবারের সদস্যদের নিয়ে কেটেছেন আটটি কেক। পাশাপাশি মসজিদে মিলাদ ও এতিমখানায় কোরআন খতমের আয়োজন করা হয়।
জন্মদিন উপলক্ষে ‘আগামীর সময়’-এর সঙ্গে কথা বলতে গিয়ে নিজের উদযাপনের কথা জানান পপি। তিনি বলেছেন, ‘জন্মদিনের শুরুতেই রাত ১২টায় নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি। এরপর পারিবারিক আয়োজনে আটটি কেক কেটে জন্মদিন পালন করেছি। পাশাপাশি মসজিদে মিলাদ এবং এতিমখানায় কোরআন খতম দেওয়া হয়েছে।’
তবে আনন্দের এই দিনেও বাবাকে ভীষণ মনে পড়েছে পপির। তিনি বলেন, ‘এই জন্মদিনে বাবাকে অনেক মিস করছি। ইন্ডাস্ট্রির মানুষ, বন্ধু-বান্ধব, দর্শক-ভক্ত এবং মিডিয়ার সবাই আমার জন্মদিনে কেক কেটে উদযাপন করেছেন। সবার প্রতি কৃতজ্ঞতা। সবাই আমার জন্য দোয়া করবেন।’
দীর্ঘদিন ধরেই ব্যক্তিগত কারণে অনেকটা আড়ালে রয়েছেন পপি। গণমাধ্যমের সামনেও তাকে খুব একটা দেখা যায় না। সিনেমার বিভিন্ন আয়োজন থেকেও দূরে রয়েছেন তিনি। তাই দীর্ঘ সময় পর জন্মদিনে তাঁর ব্যক্তিগত অনুভূতি প্রকাশ্যে আসায় নতুন করে আলোচনায় এসেছে অভিনেত্রীর জীবন ও ক্যারিয়ার।
পপি আরও বলেন, ‘আমার দুঃসময়ে যেসব সাংবাদিক পাশে ছিলেন, সবার প্রতি রইল ভালোবাসা।’
পপির মূল নাম সাদিকা পারভীন পপি। ১৯৭৯ সালের ১০ সেপ্টেম্বর খুলনায় জন্মগ্রহণ করেন তিনি। সেখানেই বেড়ে ওঠা পপি শোবিজে পা রাখেন ১৯৯৫ সালে ‘লাক্স আনন্দ বিচিত্রা সুন্দরী প্রতিযোগিতা’য় চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে।
১৯৯৭ সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন পপি। তার অভিনীত প্রথম সিনেমা ‘আমার ঘর আমার বেহেস্ত’। তবে মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা ছিল ‘কুলি’। সিনেমাটি বক্স অফিসে সাফল্য পেলে দ্রুতই চলচ্চিত্রাঙ্গনে পরিচিত হয়ে ওঠেন তিনি।
ক্যারিয়ারে সোহানুর রহমান সোহান, মনতাজুর রহমান আকবর, দিলীপ সোম, কমল সরকার, বাদল খন্দকার, নার্গিস আক্তার ও সামিয়া জামানসহ বেশ কয়েকজন গুণী নির্মাতার সিনেমায় অভিনয় করেছেন পপি। তাঁর বিপরীতে বিভিন্ন সময়ে অভিনয় করেছেন মান্না, ইলিয়াস কাঞ্চন, রুবেল, বাপ্পারাজ, ওমর সানী, অমিত হাসান, আমিন খান, রিয়াজ, ফেরদৌস, শাকিল খান ও শাকিব খান।
শাকিল খানের সঙ্গে পপির জুটি একসময় ঢালিউডে বেশ জনপ্রিয়তা পেয়েছিল। রুবেল ও ফেরদৌসের বিপরীতেও অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি।
অভিনয়জীবনে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন পপি। ‘কারাগার’ (২০০৩), ‘মেঘের কোলে রোদ’ (২০০৮) ও ‘গঙ্গাযাত্রা’ (২০০৯) সিনেমায় অভিনয়ের জন্য এই স্বীকৃতি পান তিনি। পাশাপাশি একাধিক বিজ্ঞাপনেও কাজ করেছেন জনপ্রিয় এই অভিনেত্রী।
আড়ালে থাকলেও পপিকে ঘিরে দর্শকের আগ্রহ এখনও কমেনি। জন্মদিনে তার ভক্ত-অনুরাগীদের ভালোবাসা এবং শুভেচ্ছাই যেন তারই প্রমাণ।







