স্যান্ডপেপার ঝড়
ধারাভাষ্য প্যানেল থেকে বাদ পড়লেন খাজা-ওয়ার্নার

২০১৮ সালের স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি ঘিরে নতুন করে তৈরি হওয়া বিতর্কের জেরে টেলিভিশন ধারাভাষ্য থেকে সাময়িকভাবে সরিয়ে দেওয়া হয়েছে উসমান খাজা ও ডেভিড ওয়ার্নারকে। ফক্স স্পোর্টসের এই সিদ্ধান্তে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার পুরো টি-টোয়েন্টি সিরিজেই ধারাভাষ্যকার হিসেবে দেখা যাবে না অবসর নেওয়া এই দুই তারকাকে।
সম্প্রতি প্রকাশিত আত্মজীবনীতে খাজা দাবি করেন যে ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার কেপ টাউন টেস্টে বল বিকৃতির পরিকল্পনার বিষয়ে পুরো দলই জানত। খাজার এই বক্তব্যের পর শুরুতে ওয়ার্নার এবং পরে ক্যামেরন ব্যানক্রফট তার দাবির সমর্থনে কথা বললে নতুন করে উত্তাল হয়ে ওঠে অস্ট্রেলিয়ার ক্রিকেট অঙ্গন। এর আগে তদন্তে কেবল তৎকালীন অধিনায়ক স্টিভেন স্মিথ, সহ-অধিনায়ক ওয়ার্নার এবং মাঠে শিরীষ কাগজ ব্যবহার করা ব্যানক্রফটকে দায়ী করা হয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। এই উত্তেজনার মধ্যেই খাজাকে মিথ্যাবাদী হিসেবে আখ্যা দেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। দলের সবাই এই ঘটনা জানত না বলেও তিনি দাবি করেন। কিন্তু ব্যানক্রফটের মন্তব্যের পর থেকেই চাপের মুখে পড়েছেন তিনি। তাকে নেতৃত্ব থেকে সরানোর গুঞ্জনও উঠেছে। এর ধারাবাহিকতায় প্যাট কামিন্সকে সরানোর জল্পনা উড়িয়ে তার প্রতি ‘সর্বসম্মত সমর্থন’ জানায় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
খাজা ও ওয়ার্নারকে ধারাভাষ্য থেকে বিশ্রাম দেওয়ার বিষয়ে ফক্স স্পোর্টসের ব্যবস্থাপনা পরিচালক স্টিভ ক্রলি অস্ট্রেলীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘সাম্প্রতিক ঘটনাপ্রবাহের পরিপ্রেক্ষিতে আগামী কয়েক সপ্তাহের জন্য আমাদের সম্প্রচার থেকে উসমান ও ডেভিকে বিশ্রাম দেওয়া হচ্ছে। আমরা সব সময় আমাদের ধারাভাষ্য দলের সব সদস্যকে সমর্থন করি এবং গ্রীষ্মের ক্রিকেটে নানা দৃষ্টিভঙ্গির বৈচিত্র্যকে স্বাগত জানাই; তবে প্রতিটি নতুন মন্তব্যের জবাব দিতে তারা যে চাপের মুখে রয়েছেন, সেটিও আমরা বুঝি।’
মেলবোর্নে শুরু হওয়া ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এই দুই সাবেক তারকা ফিরতে পারবেন কি না, তা এখনো অনিশ্চিত। পরিস্থিতি যেভাবে এগোচ্ছে, তাতে কেবল খেলার ওপর মনোযোগ ধরে রাখা ক্রমেই কঠিন হয়ে উঠছে উল্লেখ করে ক্রলি বলেন, ‘আমরা মনে করি, পরিস্থিতির ওপর নজর রাখা জরুরি। এই অবস্থায় তাদের ধারাভাষ্যের দায়িত্বে রাখা অন্যায় হবে। আমরা পুরো বিষয়টি পর্যবেক্ষণ করব।’





