এনসিপির ক্রীড়া শাখায় যুক্ত হলেন ফাহিম ও নাজমুল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) থাকাকালীন বেশ আলোচিত ছিলেন এই দুজন। আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড ভেঙে যাওয়ার পর তারা অনেকটা হারিয়েই গিয়েছিলেন ক্রিকেটাঙ্গন থেকে। এতদিন পর আবারও ক্রীড়াঙ্গন দিয়েই আলোচনায় ফিরলেন নাজমুল আবেদীন ফাহিম ও নাজমুল ইসলাম।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন উইং ‘ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স’-এর আহ্বায়ক হচ্ছেন দেশের পরিচিত ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম। সদস্যসচিবের দায়িত্ব পাচ্ছেন বিসিবির সাবেক পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম. নাজমুল ইসলাম।
২ নভেম্বর বিকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই উইংয়ের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হবে। এনসিপি তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
নতুন এই অ্যালায়েন্সে সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদেরও রাখা হচ্ছে। ধীরে ধীরে সংগঠনের পরিধি বাড়ানো হবে বলে জানা গেছে।
ক্রীড়াঙ্গনের উন্নয়ন নিয়ে আলোচনা, পরামর্শ দেওয়া এবং দেশের সব ধরনের খেলাধুলা নিয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে অ্যালায়েন্সটির। শুধু আলোচনা নয় ক্রীড়াজ্ঞনে কোনো ভুলত্রুটি থাকলে তাও তুলে ধরবে এই সংগঠন।
দেশের ক্রীড়া খাতের উন্নয়ন, সার্বিক তদারকি এবং তরুণ সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করার লক্ষ্য নিয়ে অ্যালায়েন্সটি কাজ করবে। সোমবারের আত্মপ্রকাশ অনুষ্ঠানে সংগঠনটির পূর্ণাঙ্গ লক্ষ্য ও রূপরেখা তুলে ধরা হবে।



