বাংলাদেশ সিরিজ নিয়ে রোমাঞ্চিত হ্যাজেলউড-লাবুশেন

জস হ্যাজেলউড
বাংলাদেশের বিপক্ষে মাত্র একবার সাদা পোশাকে মাঠে নেমেছেন তিনি। ৯ বছর পর আবারও টেস্টে টাইগার্সদের মুখোমুখি অস্ট্রেলিয়ার পেসার জস হ্যাজেলউড। সিরিজ শুরুর আগে হ্যাজেলউড বলছেন, বাংলাদেশের বিপক্ষে সিরিজে মাঠে নামার জন্য মুখিয়ে আছেন তিনি।
একে তো প্রতিপক্ষ খানিকটা অজানা, তার ওপর প্রথম টেস্টের ভেন্যু মারারা ক্রিকেট গ্রাউন্ডে পিচের আচরণও অজানা।
হ্যাজেলউড বললেন, ‘প্রতিপক্ষের ব্যাপারে অনেক কিছুই অজানা। মাঠের পরিস্থিতি অজানা, বিশেষ করে উইকেট এবং এ অবস্থায় প্রতিপক্ষের ধরনটা কেমন হবে। অনেক কিছুই অজানা, তবে আমার মতে এটা বেশ রোমাঞ্চকর।’ এদিকে হ্যাজেলউডের সতীর্থ মার্নাস লাবুশেন খুব একটা ভালো ফর্মে নেই। বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে রানে ফেরার ব্যাপারে আশাবাদী তিনি, ‘নিজের সেরা ছন্দে ফেরার জন্য ঠিক কী প্রয়োজন, বিরতিটা সেটি বুঝে নেওয়ার সুযোগ করে দিয়েছে। এর জন্য প্রস্তুতিও খুব ভালো হয়েছে, আশা করি এই পরিশ্রমের পর আমরা ইতিবাচক ফল দেখতে পাব।’




