প্রধানমন্ত্রী যাচ্ছেন টোকিও, জাপানের রাষ্ট্রদূতকে ফেরানো হলো ঢাকায়

পররাষ্ট্র মন্ত্রণালয়। ইনসেটে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের আগে টোকিও থেকে ঢাকায় ফিরেছেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী। আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর অনুষ্ঠেয় এই সফরে অংশ না নিতে তাকে নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তার অনুপস্থিতিতে টোকিওতে প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি ও ব্যবস্থাপনা তদারকি করবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) মো. নজরুল ইসলাম।
সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্র বলছে, মন্ত্রণালয়ের নির্দেশনা পেয়ে রাষ্ট্রদূত দাউদ আলী ইতোমধ্যে ঢাকায় ফিরেছেন। প্রায় এক সপ্তাহ ধরে তিনি দেশে আছেন। এদিকে মো. নজরুল ইসলাম গতকাল বুধবার টোকিও পৌঁছেছেন। প্রধানমন্ত্রীর সফর শেষ না হওয়া পর্যন্ত তিনি সেখানে থাকবেন।
নাম প্রকাশ না করার শর্তে সরকারের এক কর্মকর্তা মন্তব্য করেন, ‘উচ্চপর্যায়ের সফরের আগে রাষ্ট্রদূতকে নিজ দেশে ফেরানোর ঘটনা বিরল। কী কারণে ফেরানো হয়েছে, তা বলতে পারব না। তবে দাউদ আলীকে ফিরতে বলা হয়েছে এবং তিনি ফিরেছেন।’
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী সোমবার তিন দিনের রাষ্ট্রীয় সফরে টোকিও যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকে কেন্দ্র করে ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
গত মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর জাপান সফর নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।
তিনি জানান, সফরে দুই দেশের মধ্যে কৃষি, মৎস্যসম্পদ, মানবসম্পদ উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধি, বেসামরিক বিমান পরিবহন, বাণিজ্য, পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় সরকার আধুনিকায়ন বিষয়ে সমঝোতা বা সহযোগিতা স্মারক ঘোষণার সম্ভাবনা রয়েছে।
সফরের দ্বিতীয় দিন জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান। এ ছাড়া তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করবেন।



