ম্যাকাই টেস্টের আগে গ্রিন: ‘বাংলাদেশ আমাদের গলার ওপর পা রেখেই গেছে’

বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্টে হারের পর ম্যাকাই টেস্টে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য অস্ট্রেলিয়ার। দ্বিতীয় টেস্টের আগে সংবাদ সম্মেলনে দলের সাম্প্রতিক পারফরম্যান্স ও বাংলাদেশের দাপট নিয়ে কথা বলেছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।
ডারউইন টেস্টে সেঞ্চুরি করেও দলকে জেতাতে না পারার আক্ষেপ রয়েছে গ্রিনের। তবে বাংলাদেশের দুর্দান্ত পারফরম্যান্সকে কৃতিত্ব দিতে কার্পণ্য করেননি তিনি। গ্রিন বলেন, বাংলাদেশ ভালো দল—এটা তারা আগেই জানতেন। প্রথম দিনের পর থেকেই অস্ট্রেলিয়া বুঝতে পেরেছিল, ম্যাচে ফিরতে তাদের কঠিন লড়াই করতে হবে। কিন্তু বাংলাদেশ কোনো সুযোগ না দিয়ে পুরো ম্যাচে আধিপত্য ধরে রাখে।
গ্রিনের ভাষায়, ‘বাংলাদেশ শুধু আমাদের গলার ওপর পা রেখেই গেছে। ম্যাচে ফেরার কোনো সুযোগই তারা আমাদের দেয়নি। আমরা অনেক কিছু চেষ্টা করেছি, কিন্তু সেগুলো ঠিকমতো কাজে আসেনি।’
ডারউইন টেস্টে সেঞ্চুরি করেও হারের অনুভূতিকে পরস্পরবিরোধী বলে উল্লেখ করেছেন গ্রিন। ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি দলের জয়ই যে মূল লক্ষ্য, সেটিও মনে করিয়ে দিয়েছেন তিনি। তাঁর মতে, অস্ট্রেলিয়া আরও ৫০ থেকে ৭৫ রান করতে পারলে ম্যাচে ভালোভাবে টিকে থাকতে পারত।
ম্যাকাইয়ে ফেরাটা অবশ্য গ্রিনের জন্য সুখস্মৃতির। গত বছর ওয়ানডেতে এই মাঠেই সেঞ্চুরি করেছিলেন তিনি। সেই স্মৃতি মনে করে গ্রিন বলেন, `ভালো স্মৃতি থাকা কোনো জায়গায় ফিরে আসা সব সময়ই আনন্দের। এখানকার সুযোগ-সুবিধাকেও বিশ্বমানের বলে প্রশংসা করেছেন তিনি।‘
ডারউইনের হতাশা পেছনে ফেলে এবার ম্যাকাইয়ে বাংলাদেশের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ অস্ট্রেলিয়ার সামনে।






