নারী দলের অস্ট্রেলিয়া সফর
আক্ষেপ নিয়ে দেশে ফিরতে চান না হেম্প

সংগৃহীত ছবি
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার ওয়ানডে সিরিজ খেলতে নামবে বাংলাদেশ নারী দল। মূল ম্যাচের আগে নিজেদের প্রস্তুতি সেরেছেন নিগার সুলতানা জ্যোতিরা। সিরিজ শুরুর আগে নিজেদের প্রস্তুতি নিয়ে কথা বলেছেন নারী ক্রিকেট দলের প্রধান কোচ ডেভিড হেম্প। হেম্প বলছেন, আক্ষেপ নিয়ে দেশে ফিরতে চান না তারা।
বিসিবির প্রকাশিত এক ভিডিওতে হেম্প শুরুতেই জানিয়ে দিলেন, সিরিজ শেষে যেন আক্ষেপ নিয়ে যেন দেশে ফিরতে না হয়, সেটিই তার মূল লক্ষ্য, 'আমরা চাই না যে এক সপ্তাহ পর বাংলাদেশে ফিরে গিয়ে আমাদের আফসোস করতে হয় যে, ইস! আমরা যদি এভাবে খেলতাম বা ওভাবে খেলতাম।'
হেম্প আরও জানান, 'আমরা দ্বিপাক্ষিক সিরিজে অস্ট্রেলিয়ায় প্রথমবার খেলছি, তাই প্রস্তুতি সত্যিই বেশ ভালো হয়েছে। আমরা ভাগ্যবান যে একটি অনুশীলন ম্যাচ পেয়েছিলাম, কিন্তু আমরা যেসব উইকেটে অনুশীলন করেছি সেগুলো চমৎকার ছিল।'
সেরা দলের বিপক্ষে খেলা মানসিকভাবেও বড় চ্যালেঞ্জ, মানছেন হেম্প, 'আমরা এই সত্যটা লুকিয়ে রাখতে পারি না যে আমরা বিশ্বের সেরা নারী ক্রিকেট দলের বিপক্ষে খেলছি, যারা ওয়ানডে এবং টি-টোয়েন্টি উভয় সংস্করণেই এক নম্বর। তাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে মানসিকভাবে সেটিকে জয় করা।'
আগামীকাল ব্রিসবেনে সকাল ৯.৩০টায় শুরু ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে।



