এবার কি খেলবেন খালেদ?

সংগৃহীত ছবি
২০২৬ সালে খালেদ আহমেদ খেলেছেন মাত্র একটা টেস্ট। হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে। যে ম্যাচটা ছিল আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বাইরে। এমন নয় দীর্ঘদিন চোট পেয়ে মাঠের বাইরে ছিলেন, বরং এই বছরে খালেদ কাটিয়েছেন নিজের ক্যারিয়ারের সেরা অংশটা। কাউন্টি দল কেন্ট এর হয়ে খেলার সুযোগ পেয়েছেন, সেখানে ৩ ম্যাচে নিয়েছেন ১৬ উইকেট। হাসান মাহমুদ এর সঙ্গে জুটি বেঁধেছিলেন কেন্ট এর হয়ে, দুই বাংলাদেশী পেসার মিলেই কেন্টকে ডিভিশন টু থেকে ডিভিশন ওয়ান এ তুলেছেন। এবার সেই হাসান মাহমুদের অনুপস্থিতিতেই হয়তো জাতীয় দলে সুযোগ আসতে পারে খালেদ এর। চোটের কারণে হাসান মাহমুদকে দেশে ডেকে পাঠিয়েছে বিসিবি, সেঞ্চুরিয়ন টেস্টে তার জায়গায় একাদশে ঢুকতে পারেন খালেদ।
ভিডিও বার্তায় খালেদ জানিয়েছেন, ‘আলহামদুলিল্লাহ, সবাই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। অনুশীলনও ভালো হচ্ছে। যেটা চলে গেছে, সেটা নিয়ে চিন্তা করে লাভ নেই। কীভাবে সামনে এগিয়ে যাব, সেটাই এখন সবার ভাবনায়।‘ ২০২২ সালে দক্ষিণ আফ্রিকা সফরে এসে দুটো টেস্টে খেলেছিলেন খালেদ, নিয়েছিলেন ৮ উইকেট। এবারে সুযোগ পেলে করতে চান তেমন কিছু, ‘কোচের সঙ্গে আমাদের কথা হচ্ছে। এখানে দুজন দক্ষিণ আফ্রিকান কোচ আছেন, তাদের সঙ্গেও আলোচনা করছি, এই কন্ডিশনে কীভাবে খেলব। কোচ ও অধিনায়ক আমাদের বার্তা দিয়েছেন, অতীত নিয়ে না ভেবে ইতিবাচক দিকগুলো সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যেতে।’
জোহানেসবার্গে ৩ দিন ভাল খেলাটাই খালেদের কাছে এগিয়ে যাবার প্রেরণা, ‘আমরা তিন দিন খুব ভালো ক্রিকেট খেলেছি। হয়তো কিছু ভুলের কারণে ম্যাচটা জিততে পারিনি। তবে এখান থেকে ইতিবাচক অনেক কিছু নেওয়ার চেষ্টা করছি। আমাদের যে ভালো দিকগুলো আছে, সেগুলো নিয়েই সামনে এগিয়ে যাওয়ার বার্তা দেওয়া হয়েছে।’
হাসান মাহমুদের বদলে একাদশে আসতে পারেন খালেদ, তবে দক্ষিণ আফ্রিকার চোটগ্রস্থ অধিনায়ক টেম্বা বাভুমার বদলে স্পিনার সেনুরান মুথুস্বামীকে নির্বাচকরা দলে নেয়াতে বাংলাদেশ দলে একটা ভাবনা আছে একাদশে স্পিনার বাড়ানোর। সেক্ষেত্রে তাইজুল ইসলামকে জায়গা দিতে বসতেও হতে পারে খালেদকে। মুশফিকুর রহিমের জায়গায় একাদশে অন্তর্ভুক্তি হতে পারে জাকের আলি অনিক এর।



