হোয়াইটওয়াশ এড়াতে লড়ছে বাংলাদেশ

দেশের মাটিতে বড় বড় দলকে হারিয়ে বাংলাদেশের ক্রিকেট আবারও যেন ইউটার্ন নিয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট হারের পর এবার ওয়ানডে সিরিজও হেরে বসেছে লাল-সবুজের দল। আজ শনিবার হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ানডেতে টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে টিম টাইগার।
বল হাতে টাইগারদের শুরুটা বেশ ভালো হয়েছে। দুই পেস তারকা তাসকিন আহমেদ আর শরিফুল ইসলাম শুরু থেকেই বল হাতে দাপট দেখাচ্ছেন। দুই ওপেনার ব্রায়ান বেনেট (৬) এবং বেন কারেন (২) দুই অংকে যেতে পারেননি। তিন এনেমে ইনোসেন্ট কাইয়া ৬৭ বলে ৩৫ রান করে প্রতিরোধ গড়েন। তাকে তানভীরের তালুবন্দি করেন তাসকিন। অভিজ্ঞ ক্রেইগ আরভিন (৫) শিকার হন শরিফুলের। ফুটবল বিশ্বকাপের ডামাডোলের মাঝে ক্রিকেট অনেকটাই আড়ালে চলে গেছে। জিম্বাবুয়ে সফরের শুরুতে একমাত্র টেস্ট ম্যাচে বাংলাদেশ ইনিংস ব্যবধানে হেরেছিল। এরপর দুটি ওয়ানডে যথাক্রমে ২৫ এবং ১৩ রানে হেরে যায়। প্রথম ওয়ানডেতে মাত্র ১৪১ রান তাড়া করতে ব্যর্থ হয় মেহেদী হাসান মিরাজের দল। আজকের ম্যাচ হেরে গেলে জিম্বাবুয়ের কাছে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবতে হবে।





