কোহলি চাইলেই একশ সেঞ্চুরি সম্ভব!

২০২৭ বিশ্বকাপ শেষেই ক্যারিয়ারের ইতি টানার আভাস দিয়েছেন বিরাট কোহলি। এই বয়সে এসেও তার ব্যাটের ধার কমছে না। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ক্যারিয়ারের ৫৫তম এবং সব মিলিয়ে ৮৬তম আন্তর্জাতিক সেঞ্চুরি হাঁকানোর ফের আলোচনায় তার একশ সেঞ্চুরির সম্ভাবনা। ভারতীয় ক্রিকেটের ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকারের একশ সেঞ্চুরির বিশ্বরেকর্ড কি ছুঁতে পারবেন কোহলি?
৩৭ বছর বয়সী ভারতের এই ব্যাটিং দানবের সাবেক সতীর্থ অজিঙ্কা রাহানে মনে করেন, কোহলি যদি ১০০ সেঞ্চুরির এই ঐতিহাসিক মাইলফলকের কথা ভেবে থাকেন, তবে এতে কোনো ভুল নেই। তিনি অবশ্যই এই অসম্ভবকে সম্ভব করতে পারেন। চাপে থাকলেই কোহলি তার সেরা খেলাটা উপহার দিতে পারেন বলেও মন্তব্য করেছেন রাহানে। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাহানে বলেন, ‘বিরাটকে আমি যতটুকু চিনি, সে যদি ১০০ সেঞ্চুরির কথা ভেবে থাকে, তবে তাতে কোনো ভুল নেই। কারণ শচীন টেন্ডুলকার সবসময় তার আদর্শ। তাই আমি নিশ্চিত, সে এটি নিয়ে ভাবছে। সে যদি সত্যিই একশ সেঞ্চুরি নিয়ে ভাবে, তবে সে অবশ্যই এই রেকর্ড অর্জন করতে পারে।’
ব্যক্তিগত মাইলফলক নিয়ে ভাবলে খেলোয়াড়রা প্রায়ই ‘স্বার্থপর’ তকমা পান—এই ধারণাটি পুরোপুরি নাকচ করে দিয়েছেন রাহানে। তার মতে, কোহলি সবসময় নিজের ওপর নিজেই বাড়তি প্রত্যাশার চাপ তৈরি করেন এবং এই চাপই তাকে বছরের পর বছর ধরে ধারাবাহিক পারফর্ম করতে সাহায্য করেছে।
টেস্ট ক্রিকেট থেকে অবসরের পর কোহলি এখন কেবল ওয়ানডে ফরম্যাটেই খেলছেন। বর্তমানে তার আন্তর্জাতিক সেঞ্চুরির সংখ্যা ৮৬। শচীনের রেকর্ড ছুঁতে তার প্রয়োজন আরও ১৪টি সেঞ্চুরি। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, কোহলি যেভাবে আক্রমণাত্মক মানসিকতা নিয়ে ব্যাট করছেন, তাতে শচীনের সেই চূড়ায় পৌঁছানো খুব একটা অসম্ভব নয়।





