অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ
শ্রীলঙ্কাকে হারিয়ে সেমির লড়াইয়ে টিকে রইল বাংলাদেশ

ছবি: বিসিবি
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৪৫ রানে হারিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ফরিদ হাসানের দল। বাংলাদেশের দেওয়া ২৪৫ রানের লক্ষ্যে ২০০ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা।
ওমানের আল আমিরাত স্টেডিয়ামের মাঠে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। আব্দুল্লাহ আল মুহি ও জারিফ সিয়ামের ব্যাটে শুরুটা ভালোই করে বাংলাদেশ। মুহি করেন ৩০ রান ও জারিফ ৫৯ রান। পরে আহসান আল মুমিন রানের চাকা সচল রাখেন। কিন্তু ৪ উইকেটে ২০৮ রান তোলার পর মাত্র ৩৭ রানের ব্যবধানেই অল-আউট হয়ে যায় বাংলাদেশ। মুমিন আউট হন ৮২ রানে। শ্রীলঙ্কার হয়ে ৪ উইকেট তুলে নেন সেথমিকা সেনেভিরত্নে। গিমহান মেন্ডিস ৩টি ও কাউশিকা কুমারাসিংহে ২টি উইকেট শিকার করেন।
জবাবে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের চাপের মুখে পরে শ্রীলঙ্কা। দলের হয়ে একাই লড়াই করেন সেনুজা ওয়েকুনাগোদা। ৯৫ বলে ৮৫ রানের ইনিংস খেলেন তিনি। বাকি কোনো ব্যাটার ১৯ রানের বেশি করতে পারেননি। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট তুলে নেন তাফিউল আলম তামিম, শেখ আতিকুর রহমান, রুবায় ইসলাম রিজন ও রবিউল হাসান অনিক। ১টি উইকেট পান জারিফ সিয়াম।
এই ম্যাচ জয়ের মধ্য দিয়ে সেমিফাইনালের লড়াইয়ে টিকে রইল বাংলাদেশের যুবারা। সোমবার তাদের প্রতিপক্ষ মালয়েশিয়া।



