বাংলাদেশ ‘এ’ দল
বেশি বয়সী মিঠুন কম বয়সী আল ফাহাদ
দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে একদিনের সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। বাংলাদেশ ‘এ’ দলে সবচেয়ে বেশি ৩৫ বছর বয়সী হিসেবে আছেন মোহাম্মদ মিঠুন। আর সবচেয়ে কম ১৯ বছর বয়সী পেসার আল ফাহাদ। গতবার যুব দলে খেলা এই পেসার ‘এ’ দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফরেই আছেন।
মোহাম্মদ মিঠুন সবশেষ জাতীয় দলে খেলেছেন ২০২১ সালে। তিন ফরম্যাটেই ওই বছরের পর আর জাতীয় দলে ফেরার পথ পাননি মিঠুন। এতদিন পর বাংলাদেশ ‘এ’ দলে ডাক পেয়ে সেই সুযোগটি পেয়েছেন এই মিডলঅর্ডার ব্যাটার। অবশ্য মিঠুনের ‘এ’ দলে থাকা নিয়ে সামাজিক মাধ্যমে বেশ সমালোচনাও হয়েছে।
এই দলের নেতৃত্বে আছেন তাওহীদ হৃদয়। এছাড়া জাতীয় দলে ওয়ানডেতে বিবেচনায় থাকা বেশিরভাগ ক্রিকেটারই আছেন এই দলে। নতুন মুখ শুধু আল ফাহাদ। ফাহাদ সবশেষ প্রিমিয়ার লিগে ঢাকা লেপার্ডসে খেলেছিলেন। ৮ ম্যাচে নিয়েছেন ১৩ উইকেট। সেই পারফরম্যান্সের পুরস্কার পেলেন ‘এ’ দলে চারদিনের পর ওয়ানডে ফরম্যাটের দলে ডাক পেয়ে।
দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ৬, ৯ ও ১২ সেপ্টেম্বর তিনটি ওয়ানডে খেলবেন হৃদয়রা।
বাংলাদেশ ‘এ’ দল : নাঈম শেখ, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, মোহাম্মদ সাইফ হাসান, তাওহীদ হৃদয় (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, জাকের আলি, মোহাম্মদ মিঠুন, আলিস আল ইসলাম, মো: রিশাদ হোসেন, আল ফাহাদ, মোহাম্মদ সাইফ উদ্দিন, মুশফিক হাসান, রেজাউর রহমান রাজা।







