পাকিস্তানের ক্রিকেটে চাকরি পেলেন বুলবুল

সংগৃহীত ছবি
পাকিস্তান সুপার লিগের দল লাহোর কালান্দার্সের উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বিসিবি প্রধান আমিনুল ইসলাম বুলবুল। ফ্র্যাঞ্চাইজিটির হাই পারফরম্যান্স সেন্টারগুলোর উন্নয়ন কার্যক্রমের দায়িত্বে থাকছেন তিনি।
এক বিবৃতিতে বুলবুলকে উপদেষ্টা নিয়োগের বিষয়টি জানিয়েছে লাহোর কালান্দার্স। হাই পারফরম্যান্স সেন্টারগুলোর কার্যক্রমে খেলোয়াড়দের উন্নয়ন, কোচিং পদ্ধতি এবং তরুণ ক্রিকেটারদের এগিয়ে যাওয়ার বিষয়ে পরামর্শ দেবেন তিনি।
তৃণমূল পর্যায়ে ক্রিকেটের প্রসার ও উন্নয়ন কার্যক্রম আরও শক্তিশালী করার পাশাপাশি বাংলাদেশে নিজেদের কার্যক্রম বিস্তৃত করতে চায় লাহোর কালান্দার্স। আন্তর্জাতিক ক্রিকেট ও প্রশাসনে আমিনুলের দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগিয়ে সেই উদ্যোগ এগিয়ে নেওয়ার লক্ষ্য ফ্র্যাঞ্চাইজিটির।
২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন আমিনুল। এর আগে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) ক্রিকেট ডেভেলপমেন্ট অফিসার হিসেবেও কাজ করেছেন তিনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্বও পালন করেছেন বুলবুল। প্রশাসনিক অভিজ্ঞতার পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে রয়েছে তার দীর্ঘ পথচলা। খেলোয়াড়ি জীবনে ১৯৮৮ থেকে ২০০২ সাল পর্যন্ত বাংলাদেশের হয়ে খেলেছেন আমিনুল। ১৯৯৯ সালের ক্রিকেট বিশ্বকাপে জাতীয় দলকে নেতৃত্বও দিয়েছেন তিনি।



