এনসিএল
মাহফিজুলের ডাবল সেঞ্চুরি, চার ম্যাচেই ৬১৭ রান

জাতীয় ক্রিকেট লিগে যেন রানের বন্যা বইয়ে দিচ্ছেন মাহফিজুল ইসলাম। চট্টগ্রামের বিপক্ষে অপরাজিত ২১৭ রানের ইনিংসে ক্যারিয়ারে প্রথমবারের মতো ডাবল সেঞ্চুরি করেছেন ময়মনসিংহের এই ওপেনার। চলতি আসরে চার ম্যাচেই তার রান ৬১৭, গড় ১০২.৮৩। দিনের অন্য ম্যাচে রাজশাহীর বিপক্ষে ডাবল সেঞ্চুরি করেছেন ঢাকার নাঈম শেখ।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে চতুর্থ রাউন্ডের ম্যাচে মাহফিজুলের ব্যাটিংয়ে ভর করে ৭ উইকেটে ৪৬৫ রান তুলে ইনিংস ঘোষণা করে ময়মনসিংহ। ৩৫১ বলের ইনিংসে ২০টি চার ও ২টি ছক্কা মারেন ময়মনসিংহের ২২ বছর বয়সী ওপেনার। দলের হয়ে অভিজ্ঞ অলরাউন্ডার শুভাগত হোমও খেলেছেন ৭১ রানের কার্যকর ইনিংস। চলতি জাতীয় ক্রিকেট লিগে মাহফিজুলের ব্যাটিংয়ের ধারাবাহিকতা বিস্ময়কর। চার ম্যাচের সাত ইনিংসে তিনটি সেঞ্চুরি করেছেন তিনি। বাকি চার ইনিংসের দুটিতে রান পেরিয়েছে ৬০। সব মিলিয়ে তার সংগ্রহ ৬১৭ রান, গড় ১০২.৮৩। এবারের আসরে এখন পর্যন্ত ৬০০ রানের মাইলফলক ছোঁয়া প্রথম ব্যাটসম্যানও তিনি।
অথচ আগের প্রথম শ্রেণির ক্যারিয়ারে তার পরিসংখ্যান ছিল একেবারেই ভিন্ন। জাতীয় লিগের এবারের আসর শুরুর আগে ১৪ ম্যাচের ২৬ ইনিংসে মাহফিজুলের সংগ্রহ ছিল ৪৭৩ রান। একটি সেঞ্চুরি ও একটি ফিফটির সুবাদে তখন তার ব্যাটিং গড় ছিল মাত্র ১৮.৯২। এবার মাত্র চার ম্যাচেই আগের ১৪ ম্যাচের মোট রান ছাড়িয়ে গেছেন এই ওপেনার। গতকাল প্রথম দিনেই দেড় শ রানের গণ্ডি পেরিয়ে ডাবল সেঞ্চুরির সম্ভাবনা তৈরি করেছিলেন মাহফিজুল। রবিবার দ্বিতীয় দিন সকালে অবশ্য মাইলফলক ছোঁয়ার জন্য তাড়াহুড়া করেননি। বরং ধৈর্য ধরে ব্যাটিং করে এগিয়ে গেছেন লক্ষ্যের দিকে। দিনের প্রথম সেশনে ৬২ বল খেলে যোগ করেন ১৯ রান। মধ্যাহ্নবিরতির পরও তার ব্যাটিংয়ে ছিল গভীর মনোসংযোগ। শেষ পর্যন্ত ৩৩৮ বলে পূর্ণ করেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি।
দ্বিশতক ছোঁয়ার পর ইনিংসে নিজের দ্বিতীয় ছক্কাটি মারেন মাহফিজুল। তবে এরপর আর বেশি সময় ব্যাটিংয়ের সুযোগ পাননি তিনি। দলের সংগ্রহকে যথেষ্ট মনে করে ইনিংস ঘোষণা করেন ময়মনসিংহের অধিনায়ক। ততক্ষণে ৩৫১ বলে ২১৭ রানে অপরাজিত মাহফিজুল। এই ইনিংস খেলার পথে প্রথম শ্রেণির ক্রিকেটে তার এক হাজার রানও পূর্ণ হয়েছে। ব্যাটিং গড়ও এখন ৩৫ ছাড়িয়েছে।





