ভুলে গিয়েছিলেন হ্যাটট্রিকের কথা
খালেদের ৮ উইকেটের ম্যাচে জয়ের দুয়ারে কেন্ট

সংগৃহীত ছবি
হাসান মাহমুদ দেশে ফিরেছেন এশিয়ান গেমসের জন্য। তাকে মিস করার কথা জানিয়েছে তার কাউন্টির দল কেন্ট। হাসানের অভাব অবশ্য বুঝতে দেননি আরেক বাংলাদেশি পেসার খালেদ আহমেদ।
মঙ্গলবার ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। বুধবার দ্বিতীয় ইনিংসে নিলেন আরও ৩ উইকেট। দুই ইনিংস মিলিয়ে কেন্টের হয়ে ম্যাচে নিয়েছেন ৮ উইকেট।
৮ উইকেট নিয়ে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে কেন্টকে জয়ের দুয়ারে পৌঁছে দিয়েছেন খালেদ আহমেদই। প্রথম ইনিংসে ১৬১ রান করা ল্যাঙ্কাশায়ার দ্বিতীয় ইনিংসে অলআউট হয়েছে ১৯২ রানে। কেন্ট প্রথম ইনিংসে করেছিল ২১৪ রান। তারা লিড পায় ৬৩ রানের।
জয়ের জন্য চতুর্থ ইনিংসে কেন্টের দরকার ছিল ১৪০ রান। জবাবে ২ উইকেটে ৮৪ রানে দ্বিতীয় দিন শেষ করেছে কেন্ট। তাদের দরকার আর ৫৬ রান, হাতে ৮ উইকেট।
কেন্টারবেরির সেন্ট লরেন্স গ্রাউন্ডে বুধবার নিজের দ্বিতীয় বলেই কিটন জেনিংসকে জ্যাক ক্রলির ক্যাচ বানান খালেদ। তাতে মিস করেছেন হ্যাটট্রিকের সুযোগ। ম্যাচের প্রথম ইনিংসের শেষ ২ বলে ২ উইকেট নিয়েছিলেন খালেদ। হ্যাটট্রিকের জন্য দ্বিতীয় ইনিংসের প্রথম বলে নিতে হতো ১ উইকেট। কিন্তু তিনি উইকেট পেয়েছেন দ্বিতীয় বলে।
দিন শেষে জানালেন হ্যাটট্রিকের কথাই ভুলেই গিয়েছিলেন তিনি,‘ আমি হ্যাটট্রিকের কথা ভুলেই গিয়েছিলাম। একজন বলল, তুমি মিস করলে হ্যাটট্রিকটা! হ্যাটট্রিক চাইতাম অবশ্যই তবে সব মিলিয়ে আমি খুশি। সবাই প্রশংসা করছে আমার বোলিংয়ের।’
অস্ট্রেলিয়ান ব্যাটার মার্কাস হ্যারিসকেও খালেদ ফেরান ক্রলির ক্যাচ বানিয়ে। ল্যাঙ্কাশায়ারের হয়ে ৪৮ রান করেছিলেন তিনি।
খালেদের বলে আরাব শেঠি ১১ রান করে ক্যাচ দেন বেঞ্জামিনের হাতে।
দ্বিতীয় ইনিংসে ১৫ ওভারে ৫ মেডেনসহ ৫২ রানে ৩ উইকেট নেন খালেদ। প্রথম ইনিংসে নিয়েছিলেন ৪২ রানে ৫ উইকেট।



