আত্মারাম খাঁচাছাড়া
‘প্র্যাংকস্টার’দের কবলে হাসান মাহমুদ

বাংলাদেশের তরুণ পেস তারকা হাসান মাহমুদ গতির ঝড়ে দুনিয়া মাতাচ্ছেন। বাঘা বাঘা ব্যাটারদেরও সমীহ আদায় করে নিচ্ছেন। সেই হাসান মাহমুদই এবার পড়লেন প্র্যাংকস্টারদের কবলে। সেই প্র্যাংকস্টারেরা আর কেউ নন, তারই জাতীয় দলের সতীর্থ এবং কোচিং স্টাফ। সবাই মিলে এমন কাণ্ড করলেন, তাতে কিছু সময়ের জন্য হলেও আত্মারাম খাঁচাছাড়া হয়ে গিয়েছিল ২৭ বছর বয়সী পেসারের।
ঘটনার শুরু স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদকে দিয়ে। তিনি হাসানকে খুব গম্ভীর কণ্ঠে বলেন, ‘হাসান, তোমার বোলিং দারুণ হচ্ছে। পারফরম্যান্সও ভালো। কিন্তু সোহেল ভাইয়ের (টিম বয় সোহেল হোসেন) সঙ্গে তোমার আচরণ ঠিক হয়নি। কিছু প্রশ্ন করার ধরনও ছিল ভুল। তোমার আচরণে সোহেল ভাই খুব মন খারাপ করেছেন। কী হয়েছে, তা জানি না। তবে দলীয় দৃষ্টিকোণ থেকে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। তাই সোহেল ভাইকে ডেকে আনতে হবে।’ কোচের এমন কথায় হাসানের মুখ শুকিয়ে যায়। তাকে দেখে মনে হচ্ছিল, তিনি প্রবল দুশ্চিন্তায় পড়ে গেছেন। পাশে বসে থাকে মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসানদের মুখ গম্ভীর। এদিক ওদিক তাকিয়ে হাসান নিজের আসন থেকে উঠে সোহেল হোসেনকে ডাকতে যান। ঠিক সেই সময় সোহেল হোসেন দরজা দিয়ে জন্মদিনের কেক হাতে প্রবেশ করলেন। সবাই গেয়ে ওঠেন –‘হ্যাপি বার্থডে টু ইউ’।
ওদিকে হাসানের যেন ঘাম দিয়ে জ্বর ছাড়ল। তাকে দেখেই বোঝা যাচ্ছিল, বিরাট একটা দুশ্চিন্তা থেকে বেঁচে গেলেন। পরিস্থিতি বুঝে উঠতেও একটু সময় লাগল। এরপর বললেন, ‘আমি ভাবছিলাম, আমি আবার কী করলাম!’ গত ১২ অক্টোবর ছিল হাসানের জন্মদিন। তবে তার জন্মদিন উদযাপনের ভিডিও গতকাল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবাই মিলে যে কাণ্ডটা করলেন, তাতে ফর্মের তুঙ্গে থাকা হাসানের ভয় না পাওয়ার কোনো কারণ নেই।




