ফিডিং কর্মসূচির রুটিতে ব্লেড পাওয়ার অভিযোগ শিক্ষার্থীর

ফিডিং কর্মসূচির রুটিতে ব্লেড
পটুয়াখালীর বাউফলে ফিডিং কর্মসূচির আওতায় বিতরণ করা বনরুটির ভেতরে ধারালো ব্লেড পাওয়ার অভিযোগ উঠেছে।
আজ বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় থেকে পাওয়া রুটি বাড়িতে নিয়ে যাওয়ার পর সন্ধ্যায় সেটি ভেঙে ব্লেডটি দেখতে পায় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সন্ধানী শীল (৮) ও তার মা।
সন্ধানী বাউফল উপজেলার দাসপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
তার বাবা মৃত স্বপন চন্দ্রশীল। বাউফল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে তাদের বাড়ি।
সন্ধানী জানায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিদ্যালয় থেকে তাকে রুটি দেওয়া হয়। সে রুটিটি না খেয়ে বাড়িতে রেখে দেয়। পরে সন্ধ্যায় মা রুটিটি নিয়ে আসতে বললে সে সেটি নিয়ে আসে। এরপর রুটি ছিঁড়লে এর ভেতরে একটি ব্লেড পাওয়া যায়। তবে রুটির ভেতরে ব্লেড পাওয়ার ঘটনায় উল্টো তার বিরুদ্ধেই ব্লেড ঢুকিয়ে দেওয়ার অভিযোগ তোলা হয়েছে বলে দাবি করেছে সন্ধানী।
শিক্ষার্থীর মা কলি রানী বলেন, ‘আমি রুটি ভেঙে দেখি, এর ভেতরে পুরোনো ও ভাঙা একটি ব্লেড রয়েছে। পরে আমার দোকানের ক্রেতা ও স্থানীয় লোকজনকে বিষয়টি দেখিয়েছি। আমি শিক্ষকদেরও জানিয়েছি।’
তবে অভিযোগ অস্বীকার করেছেন বিদ্যালয়ের শিক্ষক রুমানা বেগম। তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না। সন্ধানী খুব চালাক। সে নিজেই রুটির ভেতরে ব্লেড ভরে এমন কথা বলছে।’
এ বিষয়ে বক্তব্য জানতে বাউফল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আখতার হোসেনের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।



