ডি ভিলিয়ার্সের দাবি
সবসময়ই বল টেম্পারিং করে অস্ট্রেলিয়া!

সংগৃহীত ছবি
২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার সেই আলোচিত স্যান্ডপেপার-কেলেঙ্কারি নিয়ে নতুনভাবে উঠেছে বিতর্ক। অজি ব্যাটার উসমান খাজার বিস্ফোরক মন্তব্যের পর পাল্টাপাল্টি কথার লড়াই চলছেই। এসবের মধ্যে সাবেক প্রোটিয়া ব্যাটার এবি ডি ভিলিয়ার্স জানালেন, শুধু ওই কেপটাউন টেস্ট নয়, ওই সিরিজে ডারবান টেস্টেও বল টেম্পারিং করেছিল অস্ট্রেলিয়া!
নিজের ইউটিউব চ্যানেলে ডি ভিলিয়ার্স দাবি করেন, বল টেম্পারিংয়ের ঘটনার শুরু কেপটাউন টেস্টের আরও আগে। সিরিজের প্রথম টেস্ট ডারবানের কিংসমিডে বল অস্বাভাবিক দ্রুত রিভার্স সুইং করছিল বলে সন্দেহ হয়েছিল তার।
ডি ভিলিয়ার্স বলেন, অস্ট্রেলিয়া দলের সবাই টেম্পারিংয়ের ব্যাপারে অবগত ছিল 'সবাই জানত, তারা কিছু একটা করছিল। এ নিয়ে কী বিতর্ক হচ্ছে, তা আমি বুঝতে পারছি না। এটা পরিষ্কার যে সবাই বিষয়টি জানত। আমার একটা অনুরোধ, বল যদি উল্টো দিকে সুইং করতে দেখেন, তাহলে জেনে রাখুন, এটা পোর্ট এলিজাবেথে নয়, ডারবানেই শুরু হয়েছিল।ডারবানে প্রথম টেস্টে আমরা হেরেছিলাম, তখন বল এমন এক সময়ে রিভার্স সুইং করছিল, যা ছিল বেশ সন্দেহজনক।'
নিজের দাবির পক্ষে কিংসমিডে খেলার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন ডি ভিলিয়ার্স। তার মতে, ওই মাঠে বল এত দ্রুত রিভার্স সুইং করার কথা নয়, ‘কিংসমিডে কোনো বোলারের জন্য এত দ্রুত বল রিভার্স সুইং করানো অনেক আগেভাগেই হয়ে গিয়েছিল। আমাকে বিশ্বাস করুন, সেখানে আমি অনেক ক্রিকেট খেলেছি। তারা সেখানে যা-ই ব্যবহার করে থাকুক না কেন, স্যান্ডপেপার হোক কিংবা নখ, সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়।‘
ডি ভিলিয়ার্স আরও বলেন, ‘দিনের শেষে সবাই জানত যে তারা নিয়মের সীমা অতিক্রম করতে যাচ্ছে এবং অবৈধ কিছু করতে চলেছে। এখন মূল মনোযোগ দেওয়া উচিত এই বিষয়টির ওপর যে তারা প্রতারণা করেছে এবং বিষয়টি সঠিকভাবে সামাল দিতে পারেনি। ব্যস, এতটুকুই। পুরো দলের একটি ইউনিট হিসেবে দাঁড়ানো উচিত ছিল এবং বলা উচিত ছিল, ‘আমাদের শাস্তি দিন, আর যা করার প্রয়োজন, আমরা তা করব।‘
স্যান্ডপেপার ব্যবহার করা হয়েছিল, নাকি অন্য কোনো উপায়ে বল বিকৃত করা হয়েছিল— এ নিয়ে আলোচনা না করে মূল অপরাধের দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই অধিনায়ক। তার মতে, মাঠে পরিকল্পিতভাবে অবৈধ কাজ করার সিদ্ধান্ত নেওয়াটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
এ প্রসঙ্গে তিনি বলেন, 'আমরা যে বস্তুটি ব্যবহার করা হয়েছিল, তা নিয়ে এত উদ্বিগ্ন কেন? মূল বিষয় হলো, মাঠে অবৈধ কিছু করার জন্য আগে থেকেই একটি পরিকল্পিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। প্রশ্ন হওয়া উচিত, আপনি কি জানতেন যে প্রতারণা করছেন? এর উত্তর হওয়া উচিত, শতভাগ হ্যাঁ। স্যান্ডপেপার নিয়ে এসব আলোচনা বন্ধ করুন। বরং বোলারদের জিজ্ঞাসা করুন, মাঠে যে কিছু একটা ঘটছিল, সে সম্পর্কে তারা জানতেন কি না?'
অস্ট্রেলিয়ার তিন ক্রিকেটারের শাস্তির বিষয়টিও ভালোভাবে নেননি ডি ভিলিয়ার্স। তার মতে, পুরো দল একসঙ্গে দায় স্বীকার না করে কয়েকজনের ওপর সব দায় চাপিয়ে দেওয়াটা ছিল ভুল সিদ্ধান্ত, ‘প্রত্যেকেই বিষয়টি জানত। এ ব্যাপারে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। ব্যানক্রফট, স্টিভ ও ওয়ার্নার যেভাবে সব দায় নিজেদের কাঁধে নিয়েছিল, আমার মতে, তা ছিল একেবারেই অযৌক্তিক। তারা বিষয়টি অত্যন্ত বাজেভাবে সামাল দিয়েছিল। একটি দলের যেভাবে একসঙ্গে দাঁড়ানো উচিত, পুরো দল যদি সেভাবে একসঙ্গে দাঁড়াত, তাহলে হয়তো সেই সময়ের দলটির চরিত্র সম্পর্কেও অনেক কিছু বোঝা যেত। দক্ষিণ আফ্রিকা দল হিসেবে আমরা যে একে অপরের পাশে দাঁড়াতাম, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই।'



