বিপিএল ফিক্সিংয়ে ৭ জনের দায় স্বীকার

সংগৃহীত ছবি
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিক্সিং ও দুর্নীতিবিরোধী নীতিমালা ভঙ্গের অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন ১০ জন। তাদের সাতজন নিজেদের দায় স্বীকার করেছেন। অভিযোগ অস্বীকার করায় বাকি তিনজনের বিচার হবে স্বাধীন ট্রাইব্যুনালে।
বিপিএলের একাদশ ও দ্বাদশ আসরে নানা সন্দেহজনক কর্মকাণ্ড ও ফিক্সিংয়ের অভিযোগ ওঠার পর ২০২৫ সালের ফেব্রুয়ারিতে সাবেক বিচারপতি মির্জা হোসেইন হায়দারের নেতৃত্বে স্বাধীন তদন্ত কমিটি গঠন করে বিসিবি। কমিটির দীর্ঘ তদন্ত ও প্রায় ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনের ভিত্তিতে বিসিবি তিন দফায় ১০ জনের নাম প্রকাশ করে তাদের সাময়িকভাবে নিষিদ্ধ করে।
ওই প্রতিবেদনের ভিত্তিতে বিপিএলের দ্বাদশ আসরের নিলাম থেকে ৯ ক্রিকেটারকে বাইরে রাখে আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বিসিবি। তারা হলেন এনামুল হক বিজয়, শফিউল ইসলাম, সানজামুল ইসলাম, মিজানুর রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, আলাউদ্দিন বাবু, আরিফুল হক, নিহাদুজ্জামান ও আল আমিন। তবে বিসিবি পরিচালনা পর্ষদে পরিবর্তন আসার পর অভিযুক্ত ৯ ক্রিকেটারকে ক্রিকেট থেকে বাইরে না রেখে তাদের ওপর বাড়তি নজরদারি রাখা হবে বলে জানানো হয়।
এরপর বিপিএলের দ্বাদশ আসরেও সামনে আসে ফিক্সিংয়ের একাধিক অভিযোগ। সেখানে নতুন তদন্ত শেষে বিসিবি হেড অব ইন্টিগ্রিটি অ্যালেক্স মার্শালের ফাইন্ডিংয়ে তিন দফায় এখন পর্যন্ত ১০ জনের নাম প্রকাশ করেছে বিসিবি। অভিযুক্ত সবাইকে সাময়িকভাবে ক্রিকেট থেকে নিষিদ্ধ করে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়। তাদের মধ্যে সাতজন অভিযোগ স্বীকার করেছেন।
দায় স্বীকার করা সাতজনের মধ্যে প্রকাশিত ছয়জন হলেন ক্রিকেটার অমিত মজুমদার, সিলেট টাইটান্সের টিম ম্যানেজার রেজওয়ান কবির সিদ্দিক, নোয়াখালী এক্সপ্রেসের সহ-মালিক তৌহিদুল হক, চট্টগ্রাম রয়্যালসের মালিক আবদুল কাইয়ুম রাশেদ, দলটির লজিস্টিকস ম্যানেজার লাবলুর রহমান এবং বিসিবির সাবেক লিয়াজোঁ অফিসার জাকির হোসেন। তবে বিসিবির সাবেক পরিচালক মুখলেসুর রহমান শামীম, সাবেক কাউন্সিলর রাকিবুল ইসলাম সানি ও দুর্বার রাজশাহীর কর্মকর্তা আমিন খান অভিযোগ অস্বীকার করেছেন।
বিসিবির দুর্নীতিবিরোধী নীতিমালা অনুযায়ী, দোষ স্বীকারকারীদের অপরাধের মাত্রা বিবেচনায় সর্বনিম্ন এক বছর থেকে শুরু করে দীর্ঘমেয়াদি বা আজীবন নিষেধাজ্ঞা এবং বড় অঙ্কের আর্থিক জরিমানা হতে পারে। এ ছাড়া ট্রাইব্যুনালে অভিযোগ প্রমাণিত হলে বাকি তিনজনকেও একই ধরনের কঠোর শাস্তির মুখে পড়তে হবে।



