হৃদয়ের ব্যর্থ হওয়ার অপেক্ষায় দক্ষিণ আফ্রিকা

সংগৃহীত ছবি
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে ব্যাট হাতে রেকর্ড গড়েছিলেন। ডাবল সেঞ্চুরি করা তাওহীদ হৃদয় এক লাফে র্যাংকিংয়ে এগিয়েছেন ১১৫ ধাপ। দক্ষিণ আফ্রিকা সফরের আগে বাংলাদেশ দলে সবচেয়ে ভালো ফর্মে থাকা ব্যাটার তিনি। সিরিজ শুরুর আগে দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ শুকরি কনরাদ তাই খানিকটা মজা করেই বললেন, এই সফরে হৃদয়ের ব্যর্থ হওয়ার অপেক্ষায় আছেন তারা।
সিলেট টেস্টে ক্যারিবিয়ানদের বিপক্ষে ২৪২ রানের হার না মানা ইনিংস খেলেছেন হৃদয়। এর আগে ‘এ’ দলের জার্সিতে দক্ষিণ আফ্রিকা সফরে ৩৫০ রানের অবিশ্বাস্য ইনিংসও খেলেছেন হৃদয়।
ব্যাটার হিসেবে হৃদয়ের দুর্দান্ত পারফরম্যান্সের খবর ভালোভাবেই রেখেছেন প্রোটিয়া প্রধান কোচ কনরাদ। সংবাদ সম্মেলনে এসে তার ব্যর্থ হওয়ার প্রার্থনাই করলেন তিনি। কনরাদ বলেছেন, ‘এবার তো ওর ব্যর্থ হওয়ার পালা, তাই না!’
হৃদয়কে নিয়ে কনরাদ আরও বলেন, ‘সে অসাধারণ একজন খেলোয়াড়। পচেফস্ট্রুমের সেই ম্যাচটি যদি এখনও চলত, তাহলে সম্ভবত সে এখনো ব্যাটিং করত। অনলাইনে তার ব্যাটিংয়ের কিছু ভিডিও দেখেছি আমরা। ব্যাটারদের ক্ষেত্রে ভালো ব্যাপার হচ্ছে, তারা যেখানে ভালো করে সেখানে আবার খেললে বেশ আত্মবিশ্বাসী থাকে। এখানে খেলার ব্যাপারে সে অনেক বেশি আত্মবিশ্বাসী থাকবে, কোনো সন্দেহ নেই।’
বাংলাদেশকে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মতো করেই সম্মান দিচ্ছেন জানিয়ে কনরাদ বলেছেন, ‘এখানে এসে তারা অনেক আত্মবিশ্বাসী থাকবে। কোনোভাবেই আমরা তাদের খাটো করে দেখছি না। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে যে পরিমাণ সম্মান করি, তাদেরও ঠিক ততটাই সম্মান দিচ্ছি। আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বর্তমানের দিকে মনোযোগ ধরে রাখা।’
১৫ নভেম্বর মাঠে গড়াচ্ছে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ।



