বল টেম্পারিং
খাজার দাবিকে সমর্থন আরও এক অজি ক্রিকেটারের

২০১৮ সালের কেপটাউন টেস্টে বল টেম্পারিং কেলেঙ্কারি অস্ট্রেলিয়ান ক্রিকেটে নতুন করে ঝড় তুলেছে। সাবেক ওপেনার উসমান খাজা তার আত্মজীবনীতে দাবি করেছেন, বল টেম্পারিংয়ের বিষয়টি দলের সবাই জানত। এই ঘটনায় সাজা ভোগ করা ডেভিড ওয়ার্নার সমর্থন দিয়েছিলেন খাজাকে। এবার অস্ট্রেলিয়ার সাবেক পেসার চাড সেয়ার্সও সেদিনের ঘটনায় উসমান খাজার দাবিকেই সত্য বলে সমর্থন দিলেন।
সম্প্রতি উসমান খাজার প্রকাশিত নতুন বইয়ে দাবি করা হয়েছে, ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরে কেপ টাউনের আগে পোর্ট এলিজাবেথ টেস্টেও বল টেম্পারিংয়ের জন্য স্যান্ডপেপার ব্যবহার করা হয়েছিল। পুরো দল বিষয়টি সম্পর্কে অবগত ছিল। খাজার এই দাবিকে সম্পূর্ণ ‘ভিত্তিহীন’ ও ‘বাজে বকা’ বলে উড়িয়ে দিয়েছিলেন বর্তমান টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স। তবে এবার ২০১৮ সালের ওই সিরিজের দ্বিতীয় টেস্টে দলের ১২তম খেলোয়াড় থাকা চাড সেয়ার্স এসইএন রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে খাজার পক্ষেই অবস্থান নিলেন।
সেয়ার্স বলেন, ‘এটি (স্যান্ডপেপারের ব্যবহার) কোনো পূর্বপরিকল্পিত বিষয় ছিল না। চা-বিরতির সময় উইকেট পতনের পর বা ড্রিংকস ব্রেকে সেটি (শিরীষ কাগজ) আমাকে মাঠ থেকে সরিয়ে নিতে দেওয়া হয়েছিল।’ ৩৯ বছর বয়সি এই সাবেক পেসার আরও জানান, কেপ টাউনে ক্যামেরন ব্যানক্রফট হাতেনাতে ধরা পড়ার পর অস্ট্রেলিয়া দলের ড্রেসিংরুমে প্রায় ৬০ থেকে ৯০ মিনিট ধরে একটি বৈঠক হয়েছিল। সেখানে সবাই মিলে সম্মিলিত দায় নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছিল—যা খাজা তার বইয়ে উল্লেখ করলেও কামিন্স অস্বীকার করেছিলেন। সেয়ার্স বলেন, ‘আমি অত্যন্ত স্বাচ্ছন্দ্যের সঙ্গে বলতে পারি, ড্রেসিংরুমে থাকা প্রত্যেকেই জানত সেখানে কী ঘটছে এবং কী ব্যবহার করা হচ্ছে। স্যান্ডপেপার দুটি টেস্টে ব্যবহৃত হয়েছিল এবং ড্রেসিংরুমে তা নিয়ে আলোচনাও হয়েছিল।’
এর আগে ডেভিড ওয়ার্নারও ক্রিকেট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ‘ধামাচাপা দেওয়ার’ অভিযোগ তুলেছিলেন। অন্যদিকে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গের সাফ জানিয়ে দিয়েছেন যে তারা ২০১৮ সালের তদন্ত পুনরায় শুরু করবেন না। তবে অস্ট্রেলিয়ার সাবেক পেসার জেসন গিলেস্পি বর্তমান পরিস্থিতি সামাল দিতে ক্রিকেট অস্ট্রেলিয়াকে নিজেই উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। সবমিলিয়ে দীর্ঘ আট বছর পর পুরোনো সেই কেলেঙ্কারি ফের অস্ট্রেলিয়ান ক্রিকেটের অন্দরমহল তোলপাড় করে তুলেছে।






