রাইজিং স্টার এশিয়া কাপ
গ্রুপ রানার্স-আপ হয়ে সেমিতে বাংলাদেশ

সংগৃহীত ছবি
গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে যথাক্রমে হংকং ও আফগানিস্তানকে হারিয়ে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে টাইগাররা। শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল সাইফ হাসানের দল। তবে গ্রুপের শেষ ম্যাচে পাত্তাই পেল না বাংলাদেশ। লংকানদের কাছে ৭ উইকেটে হেরে রানার্স-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো তাদের।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক সাইফ। পারভেজ হোসেন ইমনকে নিয়ে শুরুটা ভালোই করেন তিনি। প্রথম ওভারেই দুই ছক্কা হাকিয়ে স্কোরবোর্ডে ১৪ রান তুলে নেন। সাইফের পাশাপাশি এরপর ইমনের ব্যাট থেকেও আসে জোড়া বাউন্ডারি।
এক পর্যায়ে উদ্বোধনী জুটিতেই বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৫৫ রান। তবে এরপরেই ব্যাটিং ধসে পড়ে বাংলাদেশ। স্কোরবোর্ডে ১০০ রান তুলতেই হারায় ৬ উইকেট। শেষ দিকে ইফতেখার ইফতি খানিকটা প্রতিরোধ গড়ে তুললেও বেশিদূর এগোতে পারেনি বাংলাদেশ 'এ'৷ ১৪৫ রানেই অলআউট হয় তারা।
দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রান আসে ইমনের ব্যাট থেকে। এছাড়া ইফতি ৩১ এবং অধিনায়ক সাইফ হাসান খেলেন ২৮ রানের ইনিংস। ৩০ রানে ৪ উইকেট নিয়ে রাভিন্দু ফার্নান্দো। তিন উইকেট পেয়েছেন ওয়ানুজা সাহান।
অল্প রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ২১ ওভার ৫ বলে সহজেই লক্ষ্য পেরিয়ে যায় লংকানরা। নিশান মাদুশকার হাফ সেঞ্চুরি সুবাদে সহজ জয় পায় তারা। তিনি অপরাজিত ছিলেন ৫১ রানে। নিশানকে দারুণ সঙ্গ দিয়েছেন অধিনায়ক পবন রত্নায়েকে। তিনি ফিরেছেন ৪৫ রানে।



