বিগ ব্যাশ
রিশাদ হোসেনকে ধরে রাখল হোবার্ট হারিকেন্স

অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগের (বিবিএল) আসন্ন ১৬তম আসরেও দেখা যাবে বাংলাদেশের তারকা লেগ স্পিনার রিশাদ হোসেনকে। গত মৌসুমে এই লিগে তার অভিষেক হয়েছিল। প্রথম আসরেই চোখধাঁধানো পারফরম্যান্স করায় এই স্পিনারের ওপর আবারও পূর্ণ আস্থা রেখেছে হোবার্ট হারিকেন্স।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আনুষ্ঠানিক বার্তায় হোবার্ট হারিকেন্স কতৃপক্ষ রিশাদ হোসেনকে দলে পুনরায় অন্তর্ভুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছে। হোবার্ট হারিকেন্সের হাই পারফরম্যান্স বিভাগের মহাব্যবস্থাপক স্যালিয়ান বিমস জানিয়েছেন, অস্ট্রেলিয়ান উইকেটে খেলাটা বেশ উপভোগ করেছেন রিশাদ এবং আবারও হোবার্টে ফিরতে উন্মুখ ছিলেন। তার এই আগ্রহ ও দলের চাহিদা অনুযায়ী নতুন চুক্তি সম্পন্ন হয়েছে। হোবার্ট হারিকেন্সের হয়ে বিবিএলের গত আসরে দুর্দান্ত সূচনা করেছিলেন রিশাদ। টুর্নামেন্টে ১২টি ম্যাচ খেলে ঘূর্ণিজাদুতে তুলে নিয়েছিলেন ১৫টি উইকেট। আসরের সফলতম স্পিনারদের তালিকায় শীর্ষ সারিতে জায়গা করে নিয়েছিলেন ২৪ বয়সী রিশাদ। ১৬তম আসরে রিশাদ সঙ্গী হিসেবে পাচ্ছেন অজি অভিজ্ঞ লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। এতে হোবার্টের স্পিন আক্রমণ আরও শক্তিশালী হয়েছে।
আগামী ১২ ডিসেম্বর পর্দা উঠবে বিগ ব্যাশ লিগের নতুন আসরের। ১৭ ডিসেম্বর ব্রিসবেন হিটের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের শিরোপা অভিযান শুরু করবে হোবার্ট হারিকেন্স। চুক্তি অনুযায়ী টুর্নামেন্টের প্রথম আটটি ম্যাচে হোবার্টের জার্সিতে বল হাতে দেখা যাবে রিশাদ হোসেনকে।




