জাতীয় ক্রিকেট লিগ
মোসাদ্দেকের সেঞ্চুরিতে ঘুরে দাঁড়াল ময়মনসিংহ

ছবি: বিসিবি
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) শেষ রাউন্ডের প্রথম দিনে ব্যাটে-বলে লড়াই হয়েছে চার ভেন্যুতেই। তবে দিনের সবচেয়ে উজ্জ্বল পারফরম্যান্সটি এসেছে ময়মনসিংহের মোসাদ্দেক হোসেন সৈকতের ব্যাট থেকে। তার সেঞ্চুরিতে বিপর্যয় কাটিয়ে বড় সংগ্রহের পথে এগোচ্ছে দলটি।
সিলেটে দিনের শুরু থেকেই রাজশাহী বোলারদের তোপের মুখে পড়ে ময়মনসিংহয়ের ব্যাটাররা। ১৯১ রান তুলতেই ৭ উইকেট হারাতে হয় তাদের। একসময় মনে হচ্ছিল ২৫০ রান তোলার আগেই গুটিয়ে যাবে তারা। তবে মোসাদ্দেকের ব্যাটে ঘুরে দাঁড়ায় ময়মনসিংহ। ১৫০ বলে ১৩৭ রানের এক চোখ জুড়ানো ইনিংস খেলেন এই ডানহাতি ব্যাটার। তার ইনিংসে ছিল ১৩টি চার ও ৭টি ছয়। আরিফুল জনিকে সঙ্গে নিয়ে ৩০৯ রানে দিনের খেলা শেষ করেন মোসাদ্দেক। আরিফুল অপরাজিত আছেন ২৯ রানে। তাদের অবিচ্ছিন্ন ১১৮ রানের জুটিতে বড় সংগ্রহের আশা করছে দল।
রাজশাহীতে ময়মনসিংহয়ের মতো বড় সংগ্রহের স্বপ্ন দেখছে রংপুরও। ৭ উইকেটে ৩২০ রান করেছে তারা। দলের হয়ে তিনজন ব্যাটার হাফ সেঞ্চুরির দেখা পান, যার ভেতর সর্বোচ্চ ৭৩ রানের ইনিংস খেলেন অধিনায়ক আব্দুল্লাহ আল মামুন। এছাড়া মিম মোসাদ্দেক ৫৪ রান ও নাসির হোসেন করেন ৫৭ রান।
রাজশাহীতে ঢাকার বিপক্ষে প্রথম ইনিংসে ২৮৮ রানে গুটিয়ে গেছে চট্টগ্রাম। শুরুতে দ্রুত উইকেট হারিয়ে বিপদে পড়লেও সাদিকুর রহমানের ৫৮ রানের ইনিংসের সুবাদে ম্যাচে ফেরত আসে চট্টগ্রাম। কিন্তু মাঝপথে দ্রুত উইকেট হারিয়ে আবারও চাপে পড়ে তারা। অষ্টম উইকেটে শাহ পরান সোহেল ও মোহাম্মদ আশরাফুল হাসানের জুটি চট্টগ্রামকে আরও বড় বিপর্যয় থেকে রক্ষা করে। সোহেল আউট হন ৭৮ রানে ও আশরাফুল ৪৪ রানে। জবাবে কোনো উইকেট না হারিয়ে ২৪ রানে দিন শেষ করে ঢাকা।
খুলনায় সিলেটের বিপক্ষে ৬ উইকেটে ২০৩ রান সংগ্রহ করেছে বরিশাল। ফজলে মাহমুদ রাব্বি ৬৮ রানে অপরাজিত আছেন। সিলেটের আবু জায়েদ রাহি, নাসুম আহমেদ ও নাঈম আহমেদ ২টি করে উইকেট তুলে নেন।



